মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে স্থানীয়দের কাছ থেকে রেলওয়ের বিভিন্ন সমস্যা ও যাত্রী ভোগান্তির কথা শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেসে সফরকালে মন্ত্রী শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। ভানুগাছ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির সময় তিনি সফরসঙ্গী কর্মকর্তাদের নিয়ে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনে স্থানীয় উপজেলা বিএনপির নেতাকর্মীরা মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় এলাকাবাসী স্টেশনের অবকাঠামোগত সমস্যা, যাত্রীসেবার মান, ট্রেন চলাচল এবং দীর্ঘদিনের বিভিন্ন ভোগান্তির বিষয় মন্ত্রীর সামনে তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রী এবং সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনকালে মন্ত্রী শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলওয়ে স্টেশনের সার্বিক কার্যক্রম ও যাত্রীসেবার মান পর্যবেক্ষণ করেন। তার সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফরসূচি অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট পর্যন্ত বিভিন্ন রেলস্টেশন ও রেললাইনের বিদ্যমান সমস্যা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং সিলেট–জাফলং রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাই কার্যক্রমও এই সফরের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

