আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিয়ের ১১ দিনের মাথায় ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়ে নববধূ নিখোঁজ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

বিয়ের ১১ দিনের মাথায় ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়ে নববধূ নিখোঁজ

সুনামগঞ্জ পৌর শহরের জামাইপাড়া এলাকা থেকে বিয়ের মাত্র ১১ দিনের মাথায় ভাইয়ের সঙ্গে দেখা করতে বেরিয়ে এক নববধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

বিজ্ঞাপন

শনিবার রাত ১০টার দিকে এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ নববধূর নাম জয়া দাস (২০)। তিনি জামালগঞ্জ উপজেলার কলোতা গ্রামের বাসিন্দা নিপেশ দাসের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জয়া দাসের সঙ্গে পুটিয়া গ্রামের হেমেন্দ্র তালুকদারের ছেলে চয়ন তালুকদারের (২৬) বিয়ে হয় মাত্র ১১ দিন আগে। বিয়ের পর নবদম্পতি বেড়াতে সুনামগঞ্জ শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের জামাইপাড়ায় স্বামীর কাকার বাড়িতে আসেন। সেখান থেকে শুক্রবার জয়া দাস তার ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ নববধূর স্বামী চয়ন তালুকদার জানান, পুলিশি সহায়তার মাধ্যমে দ্রুত আমার স্ত্রী জয়া দাসকে খুঁজে পাওয়া যাবে বলে আশা করছি। একই সঙ্গে কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় বা আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন সেখ বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং নববধূকে খুঁজে বের করতে পুলিশ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন