ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা বাসে স্লিপার কোচের ধাক্কায় নিহত ২

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা বাসে স্লিপার কোচের ধাক্কায় নিহত ২

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর কদমতলা এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে দ্রুতগতির স্লিপার কোচের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৩১ মে রবিবার সকালে উপজেলার তাজপুর কদমতলা এলাকার এম এ আজিজ ইনডোর গ্রাউন্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিলেটগামী ঢাকা মেট্রো-ব ১৫-০৬০২ নম্বরের যাতায়াত পরিবহনের একটি বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি মহাসড়কের পাশে দাঁড় করানো হয়। এ সময় বাসটির চালক ও হেলপার নিচে নেমে ত্রুটি মেরামতের কাজ করছিলেন। এমন অবস্থায় পেছন দিক থেকে আসা সিলেটগামী ঢাকা মেট্রো-ব ১১-০২৪১ নম্বরের সেন্টমার্টিন পরিবহনের একটি স্লিপার কোচ দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই যাতায়াত পরিবহনের চালক সোহেল মিয়া (৩০) ও হেলপার ইমন আহমদ (২০) নিহত হন। নিহত সোহেল মিয়া নরসিংদী জেলার সাহেপ্রতাপ এলাকার মো. তাজুল ইসলামের ছেলে। হেলপার ইমনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় উভয় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন মো. মাসুম মিয়া (৪৫), ফাহিম (২০), আনাজ (২০) ও জহির (২৫)। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। একই সঙ্গে মহাসড়কে সৃষ্ট যানজট নিরসনে কাজ করে। পরে হাইওয়ে পুলিশ নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহাসড়কে বেপরোয়া গতি ও অসতর্ক চালনার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘাতক বাস ও এর চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন