বদলির আদেশ জারির পরও কর্মস্থল ছাড়তে নারাজ শিক্ষা অফিসার

বদলির আদেশ জারির পরও কর্মস্থল ছাড়তে নারাজ শিক্ষা অফিসার

বদলির আদেশ জারির পরও কর্মস্থল ছাড়তে নারাজ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ থাকায় তিন দফায় জেলা, বিভাগ ও অধিদপ্তরীয় তদন্ত শেষে সম্প্রতি তাকে চুনারুঘাট থেকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বদলি করা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের অনুমোদনক্রমে ১১ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) স্বাক্ষরিত আদেশে বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। নিয়ম অনুযায়ী ১৩ নভেম্বর ছিল তার শেষ কর্মদিবস। কিন্তু অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন কৌশলে চুনারুঘাটে থেকে যাওয়ার চেষ্টা করছেন।

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয় কুমার হাজরা জানান, আমরা দুজন সহকারী শিক্ষা অফিসার চুনারুঘাটে দায়িত্ব পালন করছি। কিন্তু নাজনীন ম্যাডাম আমাদের কাউকেই দায়িত্বভার দেননি।

তথ্যসূত্রে জানা যায়, দায়িত্ব না দিয়ে নাজনীন সুলতানা সাদা কাগজে চিকিৎসা ছুটির আবেদন লিখে অফিস সহকারীর কাছে রেখে চলে যান। বিষয়টি উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে, স্থানীয় কয়েকজন শিক্ষক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, তার বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগ রয়েছে। তদন্তের ভিত্তিতেই তাকে বদলি করা হয়েছে। এখন এখানে থাকা তার সমিচীন নয়। তাদের মতে, বদলির পরও তিনি বহাল থাকলে চুনারুঘাটের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে জানতে শিক্ষা অফিসার নাজনীন সুলতানার ব্যবহৃত মোবাইলে কল করে পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...