কুলাউড়ায় নিজের পালিত গরুর শিংয়ের আঘাতে কালাম মিয়া (৫৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, ১০ মে রোববার বিকেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামের কৃষক কালাম মিয়া প্রতিদিনের মতো গরু চরাতে রোববার সকালে বাড়ির পাশের আকাশমনি গাছের একটি বাগানে যান।
বিকেল গড়িয়ে যাচ্ছে, তার ঘরে ফিরতে দেরি দেখে তার স্ত্রী ছালাতুন বেগম বাগানের দিকে এগিয়ে গিয়ে দেখেন, তার স্বামী গরুর পাশে মৃত অবস্থায় পড়ে আছেন। তিনি দেখতে পান গরুর শিংয়ের আঘাতে কৃষক কালাম মিয়ার চোখ মুখ তেঁথলে গেছে। খবর পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী কৃষকের লাশ বাড়িতে নিয়ে আসেন।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য বিধান দত্ত আমার দেশকে জানান, নিজের পালিত গরুর শিংয়ের আঘাতে কৃষক কালাম মিয়ার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মুল্ল্যা আমার দেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

