সুনামগঞ্জের শ্রেষ্ঠ গুণী শিক্ষক এমদাদুল হক

সুনামগঞ্জের শ্রেষ্ঠ গুণী শিক্ষক এমদাদুল হক
এমদাদুল হক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬ নির্বাচিত হয়েছেন দোয়ারাবাজার উপজেলার সোনাপুর এসএইচএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক এমদাদুল হক। জেলা শিক্ষা অফিসের মূল্যায়নে সর্বোচ্চ ৮১ নম্বর পেয়ে তিনি এ স্বীকৃতি অর্জন করেন।

বিজ্ঞাপন

গত ২১ সেপ্টেম্বর ২০২৬ জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন স্বাক্ষরিত এক দাপ্তরিক স্মারকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের উপপরিচালকের কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জেলার গুণী শিক্ষকদের তালিকা পাঠানো হয়।

দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন এমদাদুল হক। ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান সহজ, কার্যকর ও আনন্দময় করতে তার উদ্ভাবনী পাঠদান পদ্ধতি ও শিক্ষার্থীবান্ধব আচরণ প্রশংসিত হয়ে আসছে। পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশেও তিনি ভূমিকা রেখে চলেছেন।

শিক্ষার্থীদের সহজভাবে ইংরেজি শেখানোর লক্ষ্যে তার রচিত ‘ডাইনামিক ইংলিশ গ্রামার’ এবং ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার জন্য ‘ডাইনামিক স্পোকেন ইংলিশ’ বইও প্রকাশিত হয়েছে। এ ছাড়া শিক্ষা ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে তার লেখালেখি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।

শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি প্রকাশ করে এমদাদুল হক বলেন, এই স্বীকৃতি আমার দায়িত্ব ও জবাবদিহি আরও বাড়িয়ে দিয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে আরও অবদান রাখতে চাই। সবার ভালোবাসা ও সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন