আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, ঘাতক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, ঘাতক গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজ যুবক রিপন মিয়া (২৯)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় সাকিব আহমেদ নামে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকা থেকে রিপন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নিহত রিপন মিয়া পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামের হানু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা জানান, সোমবার রাত থেকে রিপন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করছিলেন। পরে মঙ্গলবার রাত ৯টার দিকে চকসালন এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, রিপনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন জানান, ঘটনাস্থল থেকে পাওয়া একটি স্যান্ডেলের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। পরে অভিযানে হত্যাকাণ্ডে জড়িত সাকিব আহমেদ (২৪)-কে গ্রেপ্তার করা হয়। তিনি পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের জমশেদ আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব জানান, নিহত রিপন মিয়ার স্ত্রীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি জানাজানি হওয়ার পর রিপন তাকে একটি সিএনজি অটোরিকশায় করে ঘটনাস্থলে নিয়ে গিয়ে মারধর শুরু করেন। একপর্যায়ে আত্মরক্ষার জন্য সিএনজিতে থাকা জ্যাক দিয়ে রিপনের মাথায় আঘাত করেন এবং রিপনের কাছে থাকা চাকু কেড়ে নিয়ে তাকে একাধিকবার আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আলামত উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃত সাকিবকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন