আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মধ্যনগরকে মডেল উপজেলা হিসেবে গড়ার প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর

উপজেলা প্রতিনিধি, মধ্যনগর (সুনামগঞ্জ)

মধ্যনগরকে মডেল উপজেলা হিসেবে গড়ার প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন, শিক্ষা-যোগাযোগ ও স্বাস্থ্যখাতসহ সব দিক থেকেই মধ্যনগর উপজেলা দীর্ঘদিন ধরে অবহেলিত ও পিছিয়ে রয়েছে।জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রয়োজনীয় সংস্কার ও পরিকল্পনার মাধ্যমে মধ্যনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে মধ্যনগর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমদ খান বলেন, দেশের বিভিন্ন জেলার পাড়া-মহল্লায় একাধিক কলেজ থাকলেও মধ্যনগর উপজেলায় এখনো একটি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়নি। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।

তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ভবন নির্মাণে অন্যান্য এলাকার তুলনায় বেশি বরাদ্ধ নিশ্চিত করা হবে।বিশেষ করে বন্যাকবলিত এই অঞ্চলে টেকসই ও মজবুত ভবন নির্মাণ করা হবে, যাতে দুর্যোগকালীন সময়ে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা যায়।

ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে তোফায়েল আহমদ খান বলেন, এই দেশ হিন্দু-মুসলিম,বৌদ্ধ-খ্রিষ্টান সবার। সবাই মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলী হোসেন। মধ্যনগর সদর ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল মোসাব্বিরের সঞ্চালনায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো.আব্দুল্লাহ,সহকারী সেক্রেটারি মো.আব্দুল কবির, মধ্যনগর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আহম্মদ সাইমুন, সাংগঠনিক সম্পাদক মো. মাকসুদ মিয়া, সদ্য পদত্যাগকারী তাহিরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম, জামায়াত নেতা অমিতাব চৌধুরী, ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের স্কুল ও সংস্কৃতি সম্পাদক ফারহান চৌধুরী, মধ্যনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন