হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে পাঁচ পদে ২৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে পাঁচজন করে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাংগঠনিক সম্পাদক পদে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী ৬ সেপ্টেম্বর। রোববার ছিলো মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। সকাল ১১টা থেকে শহরের শায়েস্তানগরে জেলা বিএনপির কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু করা হয়। চলে দুপুর ২টা পর্যন্ত।
প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র বিএনপি নেতা অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন বলেছেন, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নেতাকর্মীরাও উৎফুল্ল। আশা করছি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশিত কাউন্সিল সম্পন্ন করা সম্ভব হবে।
সভাপতি প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি যেমন রাষ্ট্রীয় ক্ষমতা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন চায়, তেমনি নিজের দলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন চায়। এ ধারাবাহিকতায়ই আমরা আগামী ৬ সেপ্টেম্বর কাউন্সিল আয়োজন করেছি।
তিনি বলেন, বিগত ১৬ বছর আমরা বার বার কাউন্সিলের উদ্যোগ নিয়েছি। কিন্তু তৎকালীন হাসিনা সরকারের বাধা এবং প্রশাসনের বাধার কারণে তা করা সম্ভব হয়নি। এবার হাসিনামুক্ত বাংলাদেশে আমরা কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করবো ইনশাআল্লাহ্।
সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিম বলেন, আমরা সব সময়ই গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের দলও গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে অন্য কোন প্রক্রিয়াকে সমর্থন করেনা। এবার জেলা বিএনপির কাউন্সিল হচ্ছে সাড়ে ১৬ বছর পর। এটি আমাদের বহুল প্রত্যাশিত কাউন্সিল। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই নেতৃত্ব নির্বাচিত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

