একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা, একই বিদ্যালয়ে পড়াশোনা এবার এসএসসি পরীক্ষার ফলাফলেও চমক দেখিয়েছে সিলেটের ওসমানীনগরের জমজ ভাইবোন রাহীম আহমদ ও মাহি সুলতানা আহমদ। তারা দুজনই জিপিএ-৫ অর্জন করেছে। তাদের বিদ্যালয় মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চবিদ্যালয় থেকে এবার মোট ৯ জন জিপিএ-৫ পেয়েছে। জমজ দুই শিক্ষার্থীর এমন সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার।
রাহীম ও মাহি ওসমানীনগর উপজেলার তাজপুর সদর ইউনিয়নের দশহাল গ্রামের ইতালি প্রবাসী হেলাল আহমদ ও গৃহিণী জাসমিন সুলতানার জমজ সন্তান। তারা মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। মা-বাবা, বিদ্যালয়ের শিক্ষক ও অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মের শিক্ষকদের উৎসাহ-অনুপ্রেরণায় তারা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে।
প্রকাশিত ফলাফলে রাহীম আহমদ ১ হাজার ১৬৭ এবং মাহি সুলতানা আহমদ ১ হাজার ৮৭ নম্বর পেয়েছে। উপজেলায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে তাদের প্রাপ্ত নম্বর সর্বোচ্চ না হলেও ফলাফলটি উল্লেখযোগ্য। ভবিষ্যতে রাহীম অনুজীববিজ্ঞানী এবং মাহি বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায়।
মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষায় মোট ১৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ জন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-653f70.jpg)