বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী দোসররা এখনো ঘাপটি মেরে বসে রয়েছে। তাই তাদের ডানেবামে অন্যায়কারীদের গ্রেপ্তার করা হচ্ছে না।
রোববার (১৩ জুলাই) দুপুরে সিলেটের সুবিদবাজারের পিটিআই অডিটোরিয়ামে মহানগর বিএনপির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রতিক ঘটনাবলীর সাথে বিএনপির রাজনীতিকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। তবে কোনো অন্যায়কারীর পক্ষে বিএনপি দাঁড়ায়নি এবং দাঁড়াবে না। মব সৃষ্টিকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, যারা মব ভায়োলেন্স করতে অভ্যস্ত, তারাই এ সমস্ত ঘটিয়েছে। এবং সেই সমস্ত লোকদেরকে গ্রেপ্তার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সভ্য সমাজের জন্য অতীব জরুরী। তা না হলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা, ড. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী ও এমএ মালিক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ সিদ্দিকী প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

