বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার পাবে নতুন ঘর

রোববার বাঁশখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী

রোববার বাঁশখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি: আমার দেশ

বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের দেখতে রোববার বাঁশখালী আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন এবং

গৃহহীন ১০০টি পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন সূত্র জানায়, বাঁশখালী পৌরসভা ও ৯টি ইউনিয়নের প্রত্যেকটিতে ১০ জন করে মোট ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। সরকারি খরচে তাদের বাড়ি নতুন করে নির্মাণ করা হচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যার বিষয়টি বিবেচনায় রেখে বাড়ি নির্মাণে ব্যবহার করা হচ্ছে আরসিসি পিলার, কাঠ এবং টিন। টিনের ঘেরা ও ছাউনি দেওয়ার কারণে বাড়িগুলো ‘দুর্যোগ সহনীয়’ হিসেবে বিবেচিত হচ্ছে।

১৮ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের প্রতিটি টিনের ঘরে দুটি করে কক্ষ রয়েছে। এর সঙ্গে পাঁচ ফুট দৈর্ঘ্য ও পাঁচ ফুট প্রস্থের একটি সংযুক্ত শৌচাগার থাকবে। বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী বলেন, বন্যায় বাড়িঘর ভেঙে যাওয়া পরিবারগুলোর মধ্যে যাদের নতুন করে বাড়ি করার মতো সামর্থ্য নেই তাদেরকেই নতুন ঘর দেওয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী রবিবার চট্টগ্রামের তিনটি উপজেলার সফর করবেন। এর মধ্যে বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারকে নতুন ঘরের চাবি তুলে দেবেন।

স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ইতোমধ্যে বাড়িগুলোর নির্মাণ কাজ প্রায় শেষের পথে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বাঁশখালী সফর এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন অনুষ্ঠানস্থল ও নির্মাণাধীন ঘরগুলো ঘুরে দেখেন।

প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন নির্ধারিত অনুষ্ঠানস্থলে প্রস্তুতি চলছে। জেলা প্রশাসক সেখানে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ, নিরাপত্তাব্যবস্থা, অতিথিদের বসার স্থান এবং অনুষ্ঠানস্থলের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রস্তুতির অগ্রগতি নিয়ে কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। আমি বাঁশখালীর বাহারছড়ায় অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছি। অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য প্রতিটি বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে বাঁশখালীর সকল ক্ষতিগ্রস্ত পরিবার যাতে সার্বিক সহযোগিতা পায় আমরা সেই চেষ্টা চালিয়ে যাব।

প্রধানমন্ত্রীর এ সফরকে স্মরণীয় করে রাখতে ইতিমধ্যে বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকত এলাকায় তৈরি করা হয়েছে হেলিপ্যাড এবং সমাবেশের জন্য প্রস্তুত করা হচ্ছে বিশাল মঞ্চ।

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর সমাবেশ স্থলে নিরাপত্তা নিয়োজিত এসএসএফ, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী , জেলা ও বাঁশখালী প্রশাসন, বিএনপির নেতৃবৃন্দ দিকনির্দেশনা মূলক বৈঠক করেন।

সমাবেশ মঞ্চ ও হেলিপ্যাড এলাকার নিরাপক্তা সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। সমাবেশস্থলের আশপাশে সরজমিনে ঘুরে ও স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে জানা যায়, প্রধানমন্ত্রীর কাছে তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য টেকসই পুনর্বাসন ব্যবস্থা, উপকূলীয় এলাকায় দীর্ঘমেয়াদি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং পুরো উপকূলজুড়ে মেরিন ড্রাইভ সড়ক বাস্তবায়ন করা।

এদিকে প্রধানমন্ত্রীর বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শন উপলক্ষে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার চেচুরিয়া এসকেবি কনভেনশন হলে

অনুষ্ঠিত হয়, উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মোহাম্মদ লোকমান। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শওকত ওসমান।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন হেলাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বাঁশখালী সফর সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান। সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, রেজাউল হক চৌধুরী, মুহাম্মদ ইব্রাহিম, দেলোয়ার আজীম, শেফায়াত হোসেন চক্ষু, নিলুফা আক্তার, শাহজাহান চৌধুরী, অ্যাডভোকেট লায়ন নাছির উদ্দীন, মোহাম্মদ মহসিন, আসহাব উদ্দীন, ফজল কাদের, সঞ্জয় চক্রবর্তী মানিক, নুরুল আলম, আবু আহমদ, রাসেল চৌধুরী, তমিজ উদ্দীন, শহিদুল কাইছার বাদশা, মোশাররফ হোসেন, আবদুস সবুর, ফরহাদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আসিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবদুর রহমান, সদস্য সচিব ফজল কাদেরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন