সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে হযরত শাহ্ সৈয়দ শামছুদ্দিন (রহ.) তাহফিজুল কোরআন মাদরাসা কর্তৃক আয়োজিত জেলাব্যাপী ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৬’-এর বাছাই ও ফাইনাল রাউন্ড সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৯টা ব্যাপী সৈয়দপুর শামছিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসা মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ জেলার মোট ১৬০ জন প্রতিযোগী অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহফিজুল কোরআন মাদরাসা সৈয়দপুরের পরিচালক ও সৈয়দপুর হাফিজিয়া টাইটেল মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা শায়েখ ফখরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর হাফিজিয়া টাইটেল মাদরাসার মুহাদ্দিস হাফিজ মাওলানা সৈয়দ মঈনুল ইসলাম কাশেমী।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন নাশিদ সিরিজের পরিচালক জামাল আহমেদ ও তাহফিজুল কোরআন মাদরাসার সহকারী শিক্ষক হাফিজ রায়হান আহমদ। অনুষ্ঠানে মনোজ্ঞ নাতে রাসুল পরিবেশন করেন তাহমিদ হাসান।
প্রতিযোগিতাটি ৩টি গ্রুপে (১৫ পারা, ১০ পারা ও ৫ পারা) বিভক্ত ছিল। প্রাথমিক বাছাই পর্বে হাফেজ কারি আব্দুল্লাহ আল মাহমুদ ও হাফেজ কারি আব্দুল্লাহ আল মামুনসহ চারজন বিচারক দায়িত্ব পালন করে ১৮ জন প্রতিযোগীকে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত করেন। পরবর্তীকালে ফাইনাল রাউন্ডে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফিজ মাওলানা আব্দুল হাই, হাফেজ কারি গোলাম কিবরিয়া এবং হাফেজ কারি হিফজুর রহমান।
অনুষ্ঠানে শুভেচ্ছা অনুভূতি পেশ করেন হজরত মাওলানা মনিরুল ইসলাম কাশেমী, সৈয়দপুর বাজার কমিটির সভাপতি মাওলানা সৈয়দ ছানাওর আলী, হাফেজ কারি গোলাম কিবরিয়া, হাফিজ মাওলানা আব্দুল হাই, সৈয়দ আব্দুল আলী ও মাওলানা আমিনুল ইসলাম।
প্রতিযোগিতা শেষে ৩টি গ্রুপের মোট ১৮ জন বিজয়ীর মাঝে সর্বমোট ৬৩ হাজার টাকার নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়। প্রতিটি গ্রুপের ১ম বিজয়ীকে ৬ হাজার, ২য় বিজয়ীকে ৫ হাজার, ৩য় বিজয়ীকে ৪ হাজার, ৪র্থ বিজয়ীকে ৩ হাজার, ৫ম ও ৬ষ্ঠ বিজয়ীদের যথাক্রমে নগদ অর্থ ও সম্মাননা প্রদান করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী ও এলাকার সম্মানিত স্পন্সরদাতাদের অর্থায়নে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনটি সম্পন্ন হয়। আয়োজকরা সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় বিচারকমণ্ডলী, অর্থদাতা ও উপস্থিত সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও মোবারকবাদ জ্ঞাপন করেন।
হিফজুল কোরআন প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাফেজ মাওলানা সৈয়দ আজহাদ আহমদ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

