সিলেটে দরগাহ-ই-হজরত শাহপরান (রহ.)-এর মাজারে বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী পবিত্র ওরস। তবে এবারের ওরসে অতীতের মতো কোনো আনুষ্ঠানিক আয়োজন থাকছে না। কেবল কোরআনখানি, জিকির-আজকার, দোয়া দরুদ ও মিলাদ মাহফিলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবারের অনুষ্ঠান।
সকাল সাড়ে ১০টায় কোরআনখানির মাধ্যমে ওরসের কার্যক্রম শুরু হয়।
মাজার কর্তৃপক্ষ জানায়, মাজারের পবিত্রতা ও জিয়ারতের পরিবেশ বজায় রাখতে এবার সব ধরনের গান-বাজনা ও ঐতিহ্যগত আনুষ্ঠানিকতা বন্ধ রাখা হয়েছে। শিরনি বিতরণও থাকছে না।
খাদেম আব্দুল আজিজ জানান, মাজারের পরিবেশ সুরক্ষায় পুলিশ ও প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে অতীতের মতো আনুষ্ঠানিক আয়োজন করা সম্ভব হয়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিদায়ী কমিশনার ও অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. রেজাউল করিম (পিপিএম-সেবা) জানান, পবিত্র ওরস চলাকালীন মাজারের পবিত্রতা ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। মাজার এলাকা ও আশপাশে যেন কোনোভাবে নাচ-গান বা
অনৈসলামিক কার্যকলাপ না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।
উল্লেখ্য, গত বছর ওরস উপলক্ষে মাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন। এ কারণে এবারের ওরস শুধু দোয়া, খতম ও মিলাদ মাহফিলে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

