দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে চা-শ্রমিকদের মানববন্ধন

দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে চা-শ্রমিকদের মানববন্ধন

মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়ন, ন্যায্য শ্রম অধিকার নিশ্চিতকরণ এবং শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপমুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা-শ্রমিকেরা।

বিজ্ঞাপন

শনিবার সকালে উপজেলার নিউ সমনবাগ চা-বাগানের প্রধান কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে নিউ সমনবাগ চা-বাগান ও মোকাম ডিভিশনের বিপুলসংখ্যক নারী-পুরুষ শ্রমিক, ছাত্র ও যুবসমাজ অংশ নেন। এ সময় তাঁরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং নানা স্লোগান দেন।

নিউ সমনবাগ চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নারায়ণ কালোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাঙ্গাচরণ সাঁওতালের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আন্দোলনকারীরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে বর্তমান মজুরি দিয়ে পরিবার নিয়ে জীবন ধারণ করা অসম্ভব হয়ে পড়েছে। চা-শ্রমিকদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলেও সে অনুযায়ী মজুরি বৃদ্ধি না পাওয়ায় তাঁরা নানা সংকটে রয়েছেন। তাই চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও অভিযোগ করেন, চা-শ্রমিক ইউনিয়নের কার্যক্রম ও নির্বাচনপ্রক্রিয়ায় শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করছে। শ্রমিকদের নিজস্ব প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ তাঁরা মেনে নেবেন না বলেও জানান। তাই শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপমুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন আয়োজনের জোর দাবি জানান বক্তারা।

কর্মসূচিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সুজিত কানু, সাবেক ইউপি সদস্য মতিলাল ঘাটুয়ার ও বুটন রিকমুনসহ পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, নারী শ্রমিক নেত্রী এবং ছাত্র-যুবকেরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে চা-শ্রমিকদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন