আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেপ্তার
ছবি: আমার দেশ

নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামে প্রবাসী পুত্রের স্ত্রী তামান্না আক্তারের পরকীয়ার বলী হলেন শাশুড়ি ফেরদৌসী ইসলাম চৌধুরী। মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আটক করা হলে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তামান্না। নিহত ফেরদৌসী ইসলাম চৌধুরী ওই গ্রামের মৃত সিরাজুল ইসলাম চৌধুরীর স্ত্রী। তার ছেলে রফিকুল ইসলাম চৌধুরী দুবাই প্রবাসী। বাড়িতে বউ-শাশুড়ী একা থাকতেন।

জানা যায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামে নিজ বসতঘর থেকে ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩) নামে ওই নারীর হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় সোমবার সকালে লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

এদিকে ফেরদৌসী ইসলাম চৌধুরীর নির্মম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে নিহতের পুত্রবধূ তামান্না আক্তার (২২)কে আটক করে পুলিশ। একপর্যায়ে পুলিশের জিজ্ঞাসাবাদে তামান্না আক্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তিনি জানান, সুনামগঞ্জের একটি ছেলের সঙ্গে তার পরিচয় ঘটে। একপর্যায়ে ওই ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। রোববার দিবাগত রাতে পরকীয়া প্রেমিক আর দুটি ছেলেসহ তামান্না আক্তারের সঙ্গে দেখা করতে আসে। কিন্তু পরকীয়া প্রেমিক তামান্না আক্তারকে জানায়, তার কাছে রক্ষিত স্বর্ণালংকার ও নগদ টাকা দিয়ে দিতে হবে।

পরে তাকে নিয়ে যাবে। তখন তামান্নার কাছে রুক্ষিত ৬ ভরি স্বর্ণ, তারা শাশুড়ির আরও ৫ ভরি স্বর্ণ আলমিরার তালা ভেঙে প্রদান করে, এসময় ফেরদৌসীর গলার চেইন নিতে গেলে তার ঘুম ভেঙে যায়, তখন তিনি চিৎকার করলে পুত্রবধূ ও পরকীয়া প্রেমিকসহ অজ্ঞাতনামা ২/৩ জন মিলে ফেরদৌসী চৌধুরীর হাত-পা বেঁধে এবং মুখে কসটেপ লাগিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।

এ ব্যাপারে নিহতের ভাই ফারুক আহমেদ বাদী হয়ে পুত্রবধূ তামান্না আক্তার, তার পরকীয়া প্রেমিকসহ ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের ছেলের বউকে আটক করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং দ্রুত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন