সুনামগঞ্জ মেডিকেল কলেজে ওয়ার্ড ক্লাস ও হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ মেডিকেল কলেজে ওয়ার্ড ক্লাস ও হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ মেডিকেল কলেজে ওয়ার্ড ক্লাস ও দ্রুততম সময়ের মধ্যে হাসপাতাল চালু করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের ট্রাফিক পয়েন্টে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে শতাধিক মেডিকেল শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মানববন্ধনে শিক্ষার্থী প্রিয়াস বলেন, ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভবন প্রস্তুত হলেও চালুর ক্ষেত্রে গড়িমসি চলছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস করতে হয়। কলেজের নিজস্ব হাসপাতাল চালু না থাকায় এই ক্লাসগুলো জেলা সদর হাসপাতালে সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয়।তাই দ্রুততম সময়ের মধ্যে হাসপাতাল চালু করতে হবে। সুনামগঞ্জবাসীকে আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

শিক্ষার্থী শাহপরান ভুঁইয়া বলেন, মেডিকেল কলেজ থেকে সদর হাসপাতালটির দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। যাতায়াতের জন্য কলেজের কোনো বাস নেই। নিয়মিত ক্লাসে যেতে সমস্যা হয়। কর্মসূচি থেকে সপ্তাহে ছয়দিন ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করার দাবি জানান।

তিনি আরও বলেন, ওয়ার্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও রেজিস্ট্রার নিয়োগ, সার্জারি, মেডিসিনসহ সব ক্লিনিক্যাল বিষয়ের যথাযথ ওয়ার্ডের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পরিবহনব্যবস্থার ঘাটতি দূর করা এবং ডিসেম্বরের মধ্যে হাসপাতাল চালুর দাবি জানানো হয়।

এরআগে মেডিকেল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দেন। গত বুধবার একই দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে একদিনের জন্য অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন