আধিপত্য বিস্তার কেন্দ্র করে আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।
শুক্রবার সাবেক মেম্বার শাহজাহান মিয়া ও আক্তার মিয়ার আধিপত্য বিস্তার কেন্দ্র করে দু’ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়।
কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে বলেও জানা গেছে। আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়ন নোয়াগড় গ্রামে এই সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম পঞ্চায়েত সমিতির ঘর দখলকে কেন্দ্র করে দু’পক্ষের দু'ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত সমিতি প্রতিবছর আশপাশের জমি, পুকুর, ডোবা ইজারা দিয়ে থাকেন। সমিতির তহবিলে বেশকিছু টাকাও রয়েছে। এতদিন সমিতি নিয়ন্ত্রণ করে আসছিলো নোয়াগড় গ্রাম্য মাতবর শাহজাহান মেম্বার। শাহজাহান মেম্বারের নিয়ন্ত্রণ থেকে এসব আনতে সম্প্রতি লতিফুর মেম্বার বাধা দেন।
এ নিয়ে গত কয়েকদিন ধরেই দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। শুক্রবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়।
আহতদের আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানা গেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনুল হাছান জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

