হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
বুধবার সকালে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের মৌলভীবাজারের এসএমএস পরিবহন শ্রমিক ও মালিকরা শেরপুরে আটক করে গাড়ি ভাঙচুর এবং শ্রমিকদের মারধর করে আসছেন। এখন তারা আমাদের তিনটি গাড়ি নিজেদের কার্যালয়ের সামনে আটকে রেখেছেন। বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক হলেও তারা কোনো সিদ্ধান্ত মানছেন না। এ অবস্থায় আমরা বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছি। বৃহস্পতিবার থেকে জেলার কোনো সড়কে কোনো ধরনের গণপরিবহন চলবে না। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে। এ বিষয়ে মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনারের নিকট একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সঙ্গে মৌলভীবাজার এসএমএস পরিবহন মালিক ও শ্রমিকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় সংসদের তৎকালীন হুইপ জি কে গউছ এমপির নেতৃত্বে পাঁচজন সংসদ সদস্যসহ প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে এক সমঝোতা বৈঠকে দুপক্ষের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তিও করা হয়। কিন্তু গত ১১ সেপ্টেম্বর ও সর্বশেষ ২৪ সেপ্টেম্বর সিলেট থেকে তিনটি বিরতিহীন এক্সপ্রেস বাস মৌলভীবাজারে পৌঁছালে বাসগুলো আবারও আটক করা হয়। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

