একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ৫টি, সংশোধিত প্রকল্প ৪টি এবং মেয়াদ বৃদ্ধি ১টি।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম; পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু; অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

অনুমোদিত ১০ প্রকল্প

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প—(১) ‘৮টি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ এবং কিডনি চিকিৎসা কেন্দ্র স্থাপন (২য় সংশোধন)’ প্রকল্প; (২) ‘এস্টাবলিশমেন্ট অব ৫০০ বেডেড মেডিকেল কলেজ হাসপাতাল অ্যান্ড এনসিলারি বিল্ডিং ইন যশোর, কক্সবাজার, পাবনা, নোয়াখালী এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (২য় সংশোধন)’ প্রকল্প।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প—‘চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের চতুর্থবার মেয়াদ বৃদ্ধি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প—(১) পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (পিডিআরআইডিপি) প্রকল্প; (২) চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প; (৩) নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রস্তাবিত দ্বিতীয় সংশোধন)।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প—‘গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (দ্বিতীয় পর্যায়) (তৃতীয় সংশোধিত) (প্রস্তাবিত চতুর্থ সংশোধন)’ প্রকল্প।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প—(১) আরইবির আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার ক্ষমতাবর্ধন প্রকল্প; (২) আরইবির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) প্রকল্প।

পানিসম্পদ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প—‘কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচ ব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার নম্বর ৬৪/২এ এবং ৬৪/২বি-এর পুনর্বাসন’ প্রকল্প।

সভায় পরিকল্পনামন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সম্বলিত ৭টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। সেগুলো হলো: (১) চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা/জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন (দ্বিতীয় সংশোধনী) প্রকল্প; (২) ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (এফআরইএপি); (৩) কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্প; (৪) ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প; (৫) বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন প্রকল্প; (৬) ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি, বি) শক্তিশালীকরণ প্রকল্প; (৭) টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ভান্ডারিয়া, পিরোজপুর স্থাপন প্রকল্প।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন