ফের দেশব্যাপী তাফসির মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারি, জানালেন যে বার্তা

ফের দেশব্যাপী তাফসির মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারি, জানালেন যে বার্তা
মিজানুর রহমান আজহারি।

এক বছর বিরতির পর আবারও দেশের আট বিভাগে তাফসিরুল কোরআন মাহফিল করার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ মিজানুর রহমান আজহারি। একই সঙ্গে মাহফিলগুলোতে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে শ্রোতা ও আয়োজকদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন তিনি।

বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন মিজানুর রহমান আজহারি।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এক বছর বিরতির পর আট বিভাগে আবারও আমার আউটডোর তাফসিরুল কোরআন মাহফিলগুলো অনুষ্ঠিত হতে চলেছে ইনশাআল্লাহ। আবহমান কাল ধরে ওয়াজ-মাহফিল আমাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। দ্বীনি এই আয়োজনগুলোকে সুন্দর ও সার্থক করে তুলতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।’

মাহফিলের শৃঙ্খলা ও পরিবেশের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে আজহারি লেখেন, ‘সুশৃঙ্খল উপস্থিতি, ধর্মীয় শিষ্টাচার বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কোরআনের এই পবিত্র আয়োজনের সৌন্দর্য ও উদ্দেশ্যকে ম্লান করে না দেয়।’

মাহফিলের প্রকৃত উদ্দেশ্য স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ‘পাশাপাশি আমাদের মনে রাখতে হবে, মাহফিলগুলোর সার্থকতা কেবল বিপুল জনসমাগম কিংবা আয়োজনের ব্যাপকতায় নয়; বরং প্রকৃত সার্থকতা তখনই, যখন কোরআন ও সুন্নাহর সর্বজনীন বার্তাগুলো আমাদের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হবে। তাহলেই ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে, ইনশাআল্লাহ।’

সবশেষে জীবনদর্শনে কোরআনের গুরুত্ব তুলে ধরে মিজানুর রহমান আজহারি লেখেন, ‘কোরআনের ইউনিভার্সাল ম্যাসেজ চূড়ান্ত সফলতার পথ দেখায়। তাই, কোরআনের মাহফিল শুধু জনসমাগম নয়, হোক জীবন বদলের আয়োজন। ইনশাআল্লাহ, শীঘ্রই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...