লিবিয়া থেকে আরও ১৭৩ জন বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন এসব অভিবাসী। প্রত্যাবাসনপ্রত্যাশীদের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ।
আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় বুরাক এয়ারের ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রত্যাবাসিতদের মধ্যে ত্রিপোলি থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন রয়েছেন।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দূতাবাস প্রাঙ্গণে প্রত্যাবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার আহ্বান জানান। একই সঙ্গে সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও প্রতিবন্ধকতা কাটিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দেন তিনি।
রাষ্ট্রদূত অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি মানবপাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য প্রত্যাবাসনপ্রত্যাশীদের প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


