দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউন রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
সাক্ষাৎকালে দুই দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে দেশটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
জবাবে মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির যাতায়াতের সুবিধার্থে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বিমান যোগাযোগ বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এসব রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে।
পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বব্যাপী পর্যটকদের কাছে আকর্ষণীয়। এ সময় উভয় দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক আদান-প্রদান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলাল দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠক শেষে উভয় পক্ষ আশা প্রকাশ করে যে, বিমান যোগাযোগ ও পর্যটন খাতে নেওয়া এসব উদ্যোগ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আগামী দিনে আরও গতিশীল করবে। সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দক্ষিণ আফ্রিকা হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



