অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির রিমান্ড শুনানি পিছিয়ে ৩০ নভেম্বর

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির রিমান্ড শুনানি পিছিয়ে ৩০ নভেম্বর

জুলাই আন্দোলন দমনে অর্থের জোগান এবং হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনের শুনানি পিছিয়েছে। আগামী ৩০ নভেম্বর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে রিমান্ড শুনানির দিন ধার্য ছিল। তবে এদিন কারাগার থেকে জ্যোতিকে আদালতে হাজির করা হয়নি। এ কারণে আদালত শুনানি পিছিয়ে আগামী ৩০ নভেম্বর তার উপস্থিতিতে শুনানির নতুন দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে গত ১৮ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১৯ নভেম্বর তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর গত ২১ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির গুলশান জোনাল টিমের উপপরিদর্শক মুর্শিদুল আলম তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে রাজধানীর ভাটারা থানার সামনের পাকা সড়কে এক দফা দাবির সমর্থনে ছাত্র-জনতা মিছিল করছিলেন। এ সময় আসামিরা অবৈধ ও দেশি অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালান। ওই ঘটনায় মামলার বাদী এনামুল হক ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন।

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন এনামুল হক। মামলার এজাহারে জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়েছে। এতে তার পাশাপাশি আরও ১৬ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে, যাদের বিরুদ্ধে আন্দোলন দমনে বিপুল পরিমাণ অর্থের জোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

পুলিশের রিমান্ড আবেদনে পলাতক আসামিদের পরিচয় ও অবস্থান শনাক্ত, ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও আলামত উদ্ধার, অর্থায়নের নেটওয়ার্ক তদন্ত এবং জ্যোতির সংশ্লিষ্টতা যাচাইসহ পাঁচটি কারণে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন