সাতক্ষীরায় গৃহবধূ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় গৃহবধূ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
দণ্ডপ্রাপ্ত দুই আসামি শওকত আলী ও শফিকুল ইসলাম। ছবি: আমার দেশ

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর গৃহবধূকে হত্যার অভিযোগে করা মামলায় দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুজনকে খালাস দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি ছয়ঘরিয়া এলাকার আবুল কাশেমের ছেলে শওকত আলী (৩৩) এবং একই উপজেলার কুকরালী কারিকরপাড়া কলোনীপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে মো. শফিকুল ইসলাম (৩০)। রায়ে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত শওকত আলী নিহত নাসিমা খাতুনের স্বামী এবং শফিকুল ইসলাম ২য় স্ত্রীর ভাই।

খালাসপ্রাপ্ত দুজন হলেন একই এলাকার মোছা. হাসিনা খাতুন (৩৫) ও ছবিরন খাতুন (৫৫)।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী রাবেয়া খাতুনের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে আসামি শওকত আলীর বিয়ে হয়। বিয়ের পর তাঁদের দুটি সন্তান হয় ।

অভিযোগ অনুযায়ী, যৌতুকের দাবিতে শওকত আলীসহ আসামিরা নাছিমা খাতুনকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একপর্যায়ে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন চালিয়ে তাঁকে হত্যা করা হয় বলে এজাহারে অভিযোগ আনা হয়।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিলের পর সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আজ রায় দেন বিচারক।

রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৪(১)/৩০ ধারায় দোষী সাব্যস্ত করে শওকত আলী ও শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে ফাঁসিতে ঝুলিয়ে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত আসামিরা রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি কামরুজ্জামান ভুট্ট বলেন, আসামী শওকত আলী তার স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে হত্যা করেছিল। নিহত নাছিমা হাসপাতালে জবানবন্দিতে যাদের নাম বলেছিল তাদের বিরুদ্ধে তদন্ত এবং পর্যালোচনা শেষে দুই আসামির সাজা নিশ্চিত করেন আদালতের বিচারক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...