খেলোয়াড়ি অধ্যায় পেরিয়ে কোচিংয়ে কেইন উইলিয়ামসন

খেলোয়াড়ি অধ্যায় পেরিয়ে কোচিংয়ে কেইন উইলিয়ামসন

ক্রিকেটের মাঠে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন বহু বছর। এবার ডাগআউটে দাঁড়িয়ে দলকে পথ দেখানোর পালা কেইন উইলিয়ামসনের। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ককে ২০২৭ মৌসুমের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি দল ডারবান সুপার জায়ান্টস।

বিজ্ঞাপন

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, দলটির প্রথম আসর থেকেই দায়িত্বে থাকা ল্যান্স ক্লুজনারের জায়গায় আসছেন উইলিয়ামসন। ডারবানের হয়ে ২০২৫ ও ২০২৬ মৌসুমে খেলেছেন তিনি। ১৫ ম্যাচে করেছেন ৩৪৩ রান। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর কোচিংয়ে মনোযোগী হয়েছেন এই কিউই তারকা। এর আগে আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টসের কৌশলগত উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

ডারবানে ক্রিকেট পরিচালক টম মুডির সঙ্গে কাজ করবেন উইলিয়ামসন। তবে কোচিং স্টাফের বাকি সদস্যদের নাম এখনো চূড়ান্ত হয়নি। খেলোয়াড় হিসেবে তাঁকে ২০২৭ মৌসুমের জন্য ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি।

নিউজিল্যান্ডের হয়ে ১১০ টেস্টে ৫৪.০৬ গড়ে ৯ হাজার ৫১৫ রান করেছেন উইলিয়ামসন। দেশটির টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ১৭৫ ওয়ানডেতে তাঁর রান ৭ হাজার ২৫৬ এবং ৯৩ টি-টোয়েন্টিতে ২ হাজার ৫৭৫।

ক্লুজনারের অধীনে চার মৌসুমের তিনটিতেই লিগ পর্ব থেকে বিদায় নিয়েছিল ডারবান। ২০২৪ সালে রানার্সআপ হওয়াই তাদের সেরা সাফল্য। গত আসরে ১০ ম্যাচে মাত্র তিন জয় নিয়ে পঞ্চম হয়েছিল দলটি। আগামী ১৯ জানুয়ারি প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে ডারবান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন