মধ্যবিত্ত পরিবারের জমানো হাসি-কান্না ও সুখ-দুঃখের আবহে এক পারিবারিক ভ্রমণের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘যাত্রা বিরতি’। চরকি প্রযোজিত এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় আসছেন মোশাররফ করিম ও সুমাইয়া শিমু। কাজী আসাদের পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করছেন প্রার্থনা ফারদিন দীঘি ও দিলারা জামান। আগামী ২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
ইতোমধ্যে শুটিংয়ের জন্য কুয়াকাটায় অবস্থান করছে পুরো টিম। কুয়াকাটাসহ দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ডিসেম্বর পর্যন্ত চলবে দৃশ্যায়নের কাজ। এর আগে নির্মাতা ও শিল্পীদের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জমে ওঠে হাসি-ঠাট্টা ও আড্ডা।
‘যাত্রা বিরতি’ দিয়ে প্রথমবারের মতো বড় পর্দার চলচ্চিত্র পরিচালনা করছেন কাজী আসাদ। এর আগে চরকির জন্য ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজ ও ‘লাইফলাইন’ ফিল্ম বানিয়ে প্রশংসিত হন তিনি। সিনেমাটি ঈদে মুক্তির প্রসঙ্গে কাজী আসাদ বলেন, ‘উৎসবে আমরা সবাই একসঙ্গে থাকতে পছন্দ করি। চেষ্টা করি বন্ধু-স্বজনদের নিয়ে সময় কাটানোর। আমাদের গল্পটাও যেহেতু সেরকমই, তাই মনে হয়েছে এটা ঈদে মুক্তির জন্য উপযুক্ত।’
দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন সুমাইয়া শিমু। এ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘স্ক্রিপ্ট পড়ে আমার ভালো লেগেছে, আমার চরিত্রটাও সুন্দর। কিন্তু তারপরও কাজটি করার ব্যাপারে আমি একটু দোটানায় ছিলাম। পরে সহশিল্পী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে যুক্ত হয়ে গেলাম। আশা করছি দর্শকরা পর্দায় আমাদের পুরো পরিবারকে দেখে নিজেদেরকেই খুঁজে পাবেন।’
কাজী আসাদের সঙ্গে ‘আধুনিক বাংলা হোটেল’-এ কাজ করার সুবাদে আগে থেকেই বোঝাপড়া রয়েছে মোশাররফ করিমের। অনেকদিন পর সুমাইয়া শিমুর সঙ্গে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘সুমাইয়া শিমু এবং আমি অনেকদিন পর একসঙ্গে অভিনয় করছি, এটা একরকম ভালোলাগার। গল্পটাও খুব সুন্দর। কাজটা ঠিকমতো করতে পারলে দর্শকরাও পছন্দ করবেন আশা করি। আমার কাছে এখন কাজটা ঠিকমতো করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
ছোটবেলায় সুমাইয়া শিমু ও দিলারা জামানের সঙ্গে কাজ করলেও মোশাররফ করিমের সঙ্গে এটিই প্রথম কাজ দীঘির। উচ্ছ্বাস ও কিছুটা স্নায়ুচাপ জানিয়ে দীঘি বলেন, ‘মোশাররফ করিম আঙ্কেলের সামনে দাঁড়িয়ে কীভাবে সংলাপ বলব সেটা নিয়ে একটু চিন্তায় আছি। তিনি আমার খুবই পছন্দের। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার সঙ্গে একটু রিহার্সেল করে নিলে আশা করি ঠিক হয়ে যাবে। সিনেমার গল্পটা খুবই সুন্দর এবং আমি এক্সাইটেড।’
৮৪ বছর বয়সী অভিনেত্রী দিলারা জামানও ভ্রমণ ও শুটিংয়ের আনন্দে শামিল হয়েছেন। তরুণ সহকর্মীদের সঙ্গে সময় কাটানোর প্রত্যাশায় তিনি বলেন, ‘তা না হলে এই বয়সে ঘর থেকে বের হয় কে?’
সিনেমায় আরও অভিনয় করছেন ইউসুফ হাসান অর্ক, রাকিব হোসেন ইভন, রুদ্র রয়সহ অনেকে। গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

