বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

টিভি সিরিজের গণ্ডি পেরিয়ে তুর্কি সিনেমা এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। নিজস্ব সংস্কৃতির পাশাপাশি আধুনিক নির্মাণশৈলী ও শক্তিশালী গল্প বলার মুন্সিয়ানায় তুর্কি চলচ্চিত্র বিশ্বজুড়ে এক আলাদা পরিচিতি লাভ করেছে। ড্রামা বা রোমান্সের বাইরে সাম্প্রতিক সময়ে হরর বা ভৌতিক সিনেমা দিয়েও দর্শকদের চমকে দিচ্ছে তুরস্কের নির্মাতারা। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের দর্শকদের জন্য নতুন একটি তুর্কি হরর সিনেমা নিয়ে আসছে দেশের জনপ্রিয় প্রেক্ষাগৃহ ‘স্টার সিনেপ্লেক্স’। আগামীকাল ১৩ নভেম্বর মুক্তি পাচ্ছে রোমাঞ্চকর এই চলচ্চিত্রটি।

অতিপ্রাকৃত ঘরানার হরর সিনেমা ‘সয়’ পরিচালনা করেছেন ম্যাক্সিম আলেকজান্দ্রে। পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য, অশুভ শক্তি এবং একটি রহস্যময় পুরোনো প্রাসাদকে কেন্দ্র করে ছবির কাহিনী আবর্তিত হয়েছে।

বিজ্ঞাপন

সিনেমার গল্প শুরু হয় প্রায় ৬০ বছর আগের এক ঘটনার মধ্য দিয়ে। মিশরের একটি প্রাচীন সমাধি লুণ্ঠনের সময় মুরাত নামের এক ব্যক্তি একটি প্রাচীন চিত্রকর্ম খুঁজে পান এবং অজান্তেই ডেকে আনেন এক ভয়ংকর অভিশাপ। এই অভিশাপের কারণে মুরাত তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইস্তাম্বুলের একটি অন্ধকার প্রাসাদে বন্দি জীবন কাটাতে বাধ্য হন। বহু বছর পর মৃত্যুশয্যায় থাকা মুরাত তার নাতি ক্যানকে সেই প্রাসাদে ডেকে পাঠান।

গল্পের মূল চরিত্র ক্যান তার প্রেমিকা বাসাক এবং কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ইস্তাম্বুলে পরিবারের সেই পুরোনো রহস্যময় প্রাসাদে পৌঁছায়। কিন্তু সেখানে যাওয়ার পরপরই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। ঘন কুয়াশা প্রাসাদটিকে বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে। এরপর ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে পরিবারের অন্ধকারের ইতিহাস। একটি অভিশপ্ত চিত্রকর্মের মাধ্যমে জেগে ওঠে প্রাচীন মিসরের ভয়ংকর অশুভ শক্তি। বন্ধুদের মধ্যে অবিশ্বাস, বিশ্বাসঘাতকতা এবং একের পর এক অতিপ্রাকৃত আক্রমণের মধ্য দিয়ে চরমে পৌঁছায় কাহিনী। শেষ পর্যন্ত বাসাককে এমন এক কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যা পুরো পরিবারের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়।

চলচ্চিত্র সমালোচক ও হরর প্রেমীদের মতে, সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণের জায়গা হলো এর অনন্য পটভূমি। সাধারণত তুর্কি হরর সিনেমায় জিন-ভিত্তিক গল্প বেশি দেখা গেলেও, ‘সয়’ সিনেমায় প্রাচীন মিসরের অভিশাপের সঙ্গে আধুনিক তুর্কি গল্পের সংমিশ্রণ ঘটানো হয়েছে। একটি বিচ্ছিন্ন প্রাসাদের গুমোট পরিবেশ, অতীতের পাপ, পারিবারিক গোপন ইতিহাস এবং মনস্তাত্ত্বিক ভয় ছবিটিকে ভিন্নমাত্রা দিয়েছে। হরর ঘরানার দর্শকদের জন্য এটি এবারের একটি দারুণ উপভোগ্য অভিজ্ঞতা হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন