যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে সেরা অভিনেত্রীর সম্মানজনক ‘স্নো লেপার্ড’ পুরস্কার অর্জন করেছেন অভিনেত্রী নাজিফা তুষি। মেজবাউর রহমান সুমন নির্মিত আলোচিত চলচ্চিত্র ‘রইদ’-এ অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়। হলিউড ও বৈশ্বিক দর্শকদের কাছে এশিয়ার বহুমাত্রিক সিনেমা তুলে ধরার লক্ষ্যে কাজ করে এই চলচ্চিত্র উৎসব।
ভুটানের ট্যান্ডিন বিদ্যা, লেবাননের ডায়মন্ড বু আবুদ ও সিঙ্গাপুরের হুই ফাং হংয়ের মতো আন্তর্জাতিকভাবে সমাদৃত অভিনেত্রীদের পর এবার সেই তালিকায় জায়গা করে নিলেন তুষি। ‘রইদ’ ছবির সুবাদে এটি তার দ্বিতীয় আন্তর্জাতিক সেরা অভিনেত্রীর পুরস্কার। এর আগে কানাডার মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরেও একই সিনেমার জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছিলেন তিনি।
এই অর্জনকে আনন্দদায়ক উল্লেখ করলেও কাজের প্রতি নিষ্ঠাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তুষি। নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, “আমার জন্য এটা অনেক আনন্দের সংবাদ। যদিও কখনো পুরস্কারের আশায় কাজ করি না। পুরস্কার নয়, কাজটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। সব সময় ঠিকমতো নিজের চরিত্রটিকে তুলে ধরতে চাই। সেই চরিত্র যদি স্বীকৃতি এনে দেয়, সেটা অবশ্যই ভালো লাগার। অভিনেত্রী হিসেবে এই পুরস্কার অর্জন আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমার এই সুন্দর সময় যেন চলতেই থাকে।”
শুধু অভিনয় নয়, ‘রইদ’ সিনেমাটি নিজেও বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে সাড়া ফেলেছে। প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ৫৫তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার প্রতিযোগিতা’য় স্থান পেয়ে ইতিহাস গড়েছে ছবিটি। পাশাপাশি সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং ডানাং এশীয় চলচ্চিত্র উৎসব ও অস্ট্রিয়ার ইনসব্রুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে এটি।
‘রইদ’-এর মুখ্য চরিত্রে নাজিফা তুষির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

