শাকিবের সঙ্গে নিজের সম্পর্ক স্পষ্ট করলেন মিষ্টি জান্নাত

শাকিবের সঙ্গে নিজের সম্পর্ক স্পষ্ট করলেন মিষ্টি জান্নাত

শাকিব খানকে জড়িয়ে নতুন করে কোনো বিতর্কে যেতে চান না চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ঢালিউডের এই শীর্ষ তারকার সঙ্গে তার সুসম্পর্ক ও বন্ধুত্বের কথা তুলে ধরে তিনি জানিয়েছেন, অতীতের কিছু মন্তব্য ছিল মূলত রাগ ও অভিমানের বহিঃপ্রকাশ।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’-এর তৃতীয় আসরে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মিষ্টি জান্নাত। সেখানে শাকিব খান প্রসঙ্গে বারবার একই ধরনের প্রশ্ন আসায় কিছুটা বিরক্তি প্রকাশ করে বিষয়টিকে ‘বোকামি’ হিসেবে অভিহিত করেন তিনি।

বিজ্ঞাপন

নিজের আগের বক্তব্যের ব্যাখ্যায় মিষ্টি জান্নাত বলেন, ‘শাকিব আমাকে বলেছে, তুমি আমার নামে এ রকম উদ্ভট কিছু বলো না। আমি চাই না তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব হোক। কারণ আমাদের খুবই ভালো সম্পর্ক, ভালো বন্ধুত্ব। ওই সময় তার ওপর আমার একটু রাগ ছিল। সে কারণেই অনেক কিছু বলে ফেলেছি।’

শাকিবের নাম ভাঙিয়ে আলোচনায় থাকার অভিযোগ নাকচ করে এই অভিনেত্রী বলেন, ‘আমি শাকিব খানকে কেন বিক্রি করব? আপনারা হয়তো শাকিবের সঙ্গে আমাকে দেখতে ভালোবাসেন। দর্শকও আমার সঙ্গে শাকিবকে দেখতে ভালোবাসে। আর না করার কী আছে? একটা কিছু না হলে নিশ্চয়ই আমাকে বাসায় দাওয়াত দিতেন না, তার মা আমার জন্য খাবার রান্না করতেন না। তিনি আমার সঙ্গে ফ্লাইটে আসতেন না, হাত ধরে ছবি তোলা হতো না। সবকিছুই তো মিথ্যা নয়।’

শাকিব খানের ব্যক্তিত্ব ও দীর্ঘদিনের স্টারডম ধরে রাখার প্রশংসা করে মিষ্টি আরও জানান, শাকিবের কাছ থেকে তিনি সৌজন্যবোধ ও সংযম শিখেছেন। তার ভাষায়, ‘তিনি মানুষকে সম্মান করতে জানেন। তাঁর কাছ থেকে শিখেছি, মানুষের সামনে কারও সমালোচনা করা উচিত নয়। সবার সঙ্গে সৌজন্য বজায় রাখতে হয়। এত বছর ধরে নিজের স্টারডম ধরে রাখাও অনেক কঠিন ব্যাপার।’

ক্যারিয়ারের সংকটময় সময়ে শাকিবের দৃষ্টান্ত থেকে সাহস পাওয়ার কথাও উল্লেখ করেন মিষ্টি জান্নাত। তিনি জানান, একপর্যায়ে অভিনয় ছাড়ার কথা ভাবলেও শাকিব খানের কঠিন সময় কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাকে অনুপ্রাণিত করেছে। মাঝপথে হাল না ছেড়ে নতুন করে শুরু করা যে সম্ভব, সে শিক্ষাই পেয়েছেন তিনি।

ব্যক্তিগত জীবন, বিয়ে ও সন্তান নিয়ে ওঠা গুঞ্জন প্রসঙ্গেও স্পষ্ট কথা বলেছেন এই নায়িকা। এমন আলোচনায় ভেঙে পড়ার মানুষ তিনি নন জানিয়ে মজার ছলে বলেন, তাকে দেখে বিবাহিত মনে হয় কি না, সেই বিচার সাংবাদিকদেরই করতে হবে।

উল্লেখ্য, গত সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি অনুষ্ঠানে র‍্যাম্পে হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় মিষ্টি জান্নাতকে। চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন