ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে আইসিসির পাশে জাপান

ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে আইসিসির পাশে জাপান
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে থাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পাশে দাঁড়িয়েছে জাপান। ২০২৭ সালের জন্য আদালতটিতে নিজেদের সম্পূর্ণ আর্থিক অবদান চলতি বছরের শেষ নাগাদ পরিশোধ করবে দেশটি। মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তাকাইচি জানান, মঙ্গলবার নিজ কার্যালয়ে আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানের সঙ্গে বৈঠকে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে আর্থিক সংকটে পড়ার আশঙ্কায় আইসিসি তার সবচেয়ে বড় অর্থদাতা জাপানের কাছে নির্ধারিত সময়ের আগেই অর্থ পরিশোধের অনুরোধ জানিয়েছিল। জাপানের এই সিদ্ধান্তে নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলায় আদালতটি আগাম আর্থিক সহায়তা পাবে।

আইসিসির বাজেটের প্রয়োজনীয় অর্থের প্রায় ১৫ শতাংশ জোগান দেয় জাপান। ফলে দেশটি আদালতের সবচেয়ে বড় আর্থিক অবদানকারী। এ তালিকায় জাপানের পর রয়েছে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, দক্ষিণ কোরিয়া ও কানাডা।

এদিকে আইসিসির ওপর চাপ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সদস্য দেশগুলোকে আদালত থেকে বেরিয়ে যেতে উৎসাহিত করছে ওয়াশিংটন। গত ২৩ নভেম্বর তাজিকিস্তানও আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতার পর দেশটি এ সিদ্ধান্ত নেওয়া চতুর্থ রাষ্ট্র।

২০২৭ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পূর্ণমাত্রায় কার্যকর হওয়ার আগেই জাপানের অর্থ আদালতটির হাতে পৌঁছাবে। বিশ্লেষকদের মতে, জাপানের এই উদ্যোগ আইসিসির অন্য বড় অর্থদাতা দেশগুলোকেও আগাম অর্থ পরিশোধে উৎসাহিত করতে পারে। এতে নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলায় আদালতটির হাতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থের সুরক্ষা তৈরি হবে।

সূত্র: রয়টার্স

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...