হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন কার হাতে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন কার হাতে
হরমুজ প্রণালি। ছবি-সংগৃহীত

ইরান যুদ্ধের নয় মাসে হরমুজ প্রণালি নিয়ে বিরোধের ধরন বদলে গেছে। এখন প্রশ্ন শুধু এই নয় যে গুরুত্বপূর্ণ নৌপথটি খোলা, নাকি বন্ধ। বরং বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কোন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জাহাজ চলাচল করবে এবং এর জন্য কাকে মাশুল দিতে হবে। যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে যুদ্ধ থেকে সরে গেলে এই প্রশ্নের উত্তর শেষ পর্যন্ত তেহরানের পক্ষে যেতে পারে।

গত ২৩ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভাঙতে তেহরান ‘সব ধরনের উপায়’ ব্যবহার করবে। এ ক্ষেত্রে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদে উল্লেখিত আত্মরক্ষার অধিকারের কথাও তুলে ধরেছে ইরান।

বিজ্ঞাপন

একই সময়ে ইরানি কর্মকর্তারা আবারও একটি প্রস্তাব দিয়েছেন। তাদের দাবি, ওয়াশিংটন ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিলে, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করলে, জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করলে এবং তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব। তবে প্রস্তাবটির একটি গুরুত্বপূর্ণ দিক উপেক্ষিত থেকে যাচ্ছে। প্রণালি খুলে দেওয়ার পর এর ব্যবস্থাপনা কার হাতে থাকবে, কী শর্তে জাহাজ চলাচল করবে কিংবা কে সেখান থেকে অর্থ আদায় করবে—এসব বিষয়ে কিছু বলা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের নয় মাসে এসব অনুচ্চারিত প্রশ্নই ক্রমে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হরমুজ প্রণালি নিয়ে লড়াই এখন আর শুধু এটি খোলা বা বন্ধ রাখার মধ্যে সীমাবদ্ধ নেই। মূল বিরোধ হলো, এই নৌপথের প্রবেশদ্বার কার নিয়ন্ত্রণে থাকবে এবং আন্তর্জাতিক নৌপথ দিয়ে অনুমতি ছাড়াই জাহাজ চলাচলের দীর্ঘদিনের নীতি যুদ্ধের পরও টিকে থাকবে কি না।

বন্ধ করা থেকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা

যুদ্ধ শুরুর পর ইরান এমন পদক্ষেপ নেয়, যার আশঙ্কা বিশ্লেষকেরা আগে থেকেই করেছিলেন। প্রণালিটিকে এতটাই ঝুঁকিপূর্ণ করে তোলা হয় যে জাহাজ চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। তবে এরপর তেহরান যা করেছে, তা অনেকের ধারণার বাইরে ছিল। শুধু নৌপথকে জিম্মি করে রাখার পরিবর্তে সেটির ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ইরান। এ প্রক্রিয়াটি শুরু হয় ধাপে ধাপে। প্রতিটি পদক্ষেপ আলাদাভাবে ছোট মনে হলেও সব মিলিয়ে তৈরি হয়েছে একটি নিয়ন্ত্রণব্যবস্থা।

লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অনুমোদিত জাহাজগুলোর কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র জমা নেওয়া, চলাচলের ছাড়পত্র সংগ্রহ এবং নির্ধারিত পথ অনুসরণের শর্ত আরোপ করতে শুরু করে। এ পথটি কেশম ও লারাক দ্বীপের মধ্যবর্তী ইরানের উপকূলঘেঁষা একটি নিয়ন্ত্রিত করিডর। গত ১৮ মে তেহরান আনুষ্ঠানিকভাবে ‘পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ’ (পিজিএসএ) গঠনের ঘোষণা দেয়। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় এ সংস্থাকে।

এর কয়েক দিনের মধ্যেই সংস্থাটি নিজেদের দাবিকৃত নিয়ন্ত্রণ এলাকার সীমানা প্রকাশ করে। প্রণালির পূর্ব প্রবেশমুখে ইরানের কুহ মোবারক থেকে সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণ ফুজাইরাহ পর্যন্ত একটি কাল্পনিক রেখাকে এর সীমানা হিসেবে দেখানো হয়। একই সঙ্গে ‘শত্রুভাবাপন্ন নয়’—এমন জাহাজগুলোকে চলাচলের অনুমতিপত্র দেওয়ার কথা জানায় সংস্থাটি। এরপর এই ব্যবস্থার সঙ্গে যুক্ত হয় বাণিজ্যিক কার্যক্রম। ইরানের বীমা নিয়ন্ত্রক সংস্থা পিজিএসএর অনুমোদিত পলিসি দেওয়ার জন্য ‘পারস্য উপসাগরীয় মেরিন ইন্স্যুরেন্স কোম্পানি’ গঠন করে। পাশাপাশি চালু করা হয় সামুদ্রিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘হরমুজসেফ’।

জুলাইয়ে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এই দুটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনে। ওয়াশিংটনের অভিযোগ, জাহাজ চলাচলের মাধ্যমে অর্থ আদায়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠান দুটি গড়ে তোলা হয়েছে। অন্যদিকে, আগস্টে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটি এমন একটি প্রস্তাব অনুমোদন করে, যাতে চলাচলের অনুমতিপ্রাপ্ত দেশগুলোর জাহাজ থেকে ফি আদায়ের সুযোগ রাখা হয়েছে। তবে প্রস্তাবটি আইনে পরিণত হতে হলে পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে অনুমোদন এবং গার্ডিয়ান কাউন্সিলের সম্মতি প্রয়োজন।

কূটনৈতিক পর্যায়েও একই ধরনের উদ্যোগ নিয়েছে তেহরান। সেপ্টেম্বরে ইরান ও ওমান হরমুজ প্রণালিতে জাহাজ প্রবেশ ও বের হওয়ার জন্য নতুন পথ নির্ধারণে একমত হয়। প্রস্তাবিত ব্যবস্থায় প্রবেশকারী জাহাজগুলো পুরোপুরি ইরানের জলসীমা দিয়ে চলাচল করবে। বের হওয়ার পথের একটি অংশও ইরানের নিয়ন্ত্রণে থাকবে। অন্যদিকে, ওয়াশিংটন যে দক্ষিণাঞ্চলীয় পথকে অগ্রাধিকার দেয়, নতুন ব্যবস্থা চালু হলে সেটি বন্ধ হয়ে যাওয়ার কথা রয়েছে। এ ছাড়া ইরান কয়েকটি বন্ধুত্বপূর্ণ দেশের নামও জানিয়েছে, যাদের জাহাজ ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলাচল করতে পারবে। বিভিন্ন সময়ে এ তালিকায় চীন, ভারত, পাকিস্তান ও ইরাকের নাম এসেছে।

সব পদক্ষেপ একসঙ্গে বিবেচনা করলে দেখা যায়, এটি কেবল নৌ অবরোধ নয়; বরং একটি শুল্ক ও নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা। ইরান যুদ্ধকালীন সামরিক সক্ষমতাকে স্থায়ী প্রশাসনিক কর্তৃত্বে রূপ দেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে একটি নিয়ন্ত্রক সংস্থা, নির্দিষ্ট মানচিত্র, বীমাব্যবস্থা, প্রস্তাবিত আইন এবং পছন্দের দেশের জাহাজের তালিকা।

এ উদ্যোগের পক্ষে আইনি যুক্তিও তুলে ধরেছে তেহরান। ইরান জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন (আনক্লস) অনুসমর্থন করেনি। দেশটির প্রতিনিধিদল আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাকে (আইএমও) জানিয়েছে, আনক্লসের আওতায় আন্তর্জাতিক প্রণালিতে অবাধ চলাচলের যে বিধান রয়েছে, তা ইরানের ওপর বাধ্যতামূলক নয়। তবে আন্তর্জাতিক মহলের অবস্থান প্রায় পুরোপুরি এর বিপরীত। আইএমওর মহাসচিব আর্সেনিও ডমিঙ্গেজ বলেছেন, আন্তর্জাতিক প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কোনো দেশের টোল বা বৈষম্যমূলক শর্ত আরোপের আইনি ভিত্তি নেই।

জুলাইয়ে আইএমও কাউন্সিলও অবাধে জাহাজ চলাচলের অধিকারের পক্ষে অবস্থান নেয়। একই সঙ্গে ইরানের টোল আদায় এবং দেশটির নির্ধারিত পথ ব্যবহারের বাধ্যবাধকতার বিরোধিতা করে সংস্থাটি। মে মাসে যুক্তরাষ্ট্রও সন্ত্রাসবাদবিরোধী আইনের আওতায় পিজিএসএকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে। সংস্থাটির সঙ্গে সহযোগিতা করলে নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করে ওয়াশিংটন।

কিন্তু আন্তর্জাতিক আইনে কোনো উদ্যোগ প্রত্যাখ্যাত হওয়া আর বাস্তবে সেটি অকার্যকর হয়ে যাওয়া এক বিষয় নয়। হরমুজ দিয়ে জাহাজ পাঠানোর আগে কোনো জাহাজের মালিক আইএমও কাউন্সিলের বক্তব্যের চেয়ে বেশি গুরুত্ব দেন বীমা প্রতিষ্ঠান, পণ্য পরিবহনকারী এবং জাহাজের নাবিকদের নিরাপত্তাকে।

যুক্তরাষ্ট্রের অবস্থানও কি একই রকম?

হরমুজ প্রণালিতে অবাধ চলাচলের জন্য একমাত্র হুমকি যদি ইরানের উদ্যোগ হতো, তাহলে পরিস্থিতি তুলনামূলক সহজ হতো। কিন্তু বাস্তবতা ভিন্ন। যুক্তরাষ্ট্রও আনক্লস অনুসমর্থন করেনি। যদিও দীর্ঘদিন ধরে দেশটি এই কনভেনশনের নৌ চলাচলসংক্রান্ত বিধানকে আন্তর্জাতিক প্রথাগত আইনের অংশ হিসেবে সমর্থন করে আসছে। কিন্তু যুদ্ধের বড় একটি সময়জুড়ে ওয়াশিংটনও হরমুজ প্রণালিতে প্রবেশাধিকার দেওয়া বা আটকে রাখার ক্ষমতা নিজেদের হাতে রাখার চেষ্টা করেছে।

প্রথম দফার আলোচনা ভেঙে যাওয়ার পর গত ১৩ এপ্রিল ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ শুরু করে যুক্তরাষ্ট্র। কয়েক দিনের মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা ইরান-সংশ্লিষ্ট জাহাজগুলো বিশ্বের যেকোনো স্থানে জব্দ করা হতে পারে।

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদ সমঝোতা স্মারকের ভিত্তিতে ১৮ জুন অবরোধ তুলে নেওয়া হয়। তবে ওই সমঝোতায় প্রাথমিক দুই মাসের জন্য টোলমুক্ত জাহাজ চলাচলের ব্যবস্থা রাখা হয়েছিল বলে জানা যায়। অর্থাৎ আন্তর্জাতিক আইন অনুযায়ী অবাধ চলাচলের বিষয়টিকে প্রতিষ্ঠিত অধিকার হিসেবে বিবেচনা না করে আলোচনার মাধ্যমে নির্ধারণযোগ্য বিষয় হিসেবে দেখা হয়েছিল।

যুদ্ধবিরতি ভেঙে পড়লে জুলাইয়ের মাঝামাঝি আবারও অবরোধ শুরু করে যুক্তরাষ্ট্র। এ সময় জাহাজ চলাচলসংক্রান্ত এক নোটিশে হরমুজের দিকে যাওয়া জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। নির্দেশনা না মানলে জাহাজের বিরুদ্ধে অকার্যকর করে দেওয়ার মতো সামরিক শক্তি প্রয়োগেরও হুঁশিয়ারি দেওয়া হয়।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে ১৩ জুলাই। অবরোধ পুনরায় চালুর ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে হরমুজ প্রণালির নতুন রক্ষক হিসেবে তুলে ধরেন। একই সঙ্গে জাহাজের পণ্যমূল্যের ২০ শতাংশ ফি হিসেবে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের এ ঘোষণাকে স্বাগত জানান। তার বক্তব্য ছিল, মার্কিন প্রেসিডেন্টও যখন ফি আদায়ের প্রয়োজনীয়তা স্বীকার করছেন, তখন ইরান আরও কম ও ন্যায্য হারে ফি নিতে পারে। তবে উপসাগরীয় মিত্রদের আপত্তিতে কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ওই পরিকল্পনা থেকে সরে আসে।

ঘটনাটি গুরুত্বপূর্ণ, কারণ এতে দুই দেশের আনুষ্ঠানিক অবস্থানের আড়ালে থাকা একটি বাস্তবতা প্রকাশ পায়। একপর্যায়ে উভয় পক্ষই হরমুজকে অবাধে চলাচলের আন্তর্জাতিক জলপথ হিসেবে না দেখে নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায়ের সম্পদ হিসেবে বিবেচনা করেছে।

এর প্রভাব উপসাগরীয় অঞ্চলের বাইরেও পড়তে পারে। অবাধ নৌ চলাচলের নীতি মূলত শক্তিশালী নৌবাহিনীর দেশগুলোর আচরণ ও অবস্থানের ওপর নির্ভর করে টিকে থাকে। ঐতিহাসিকভাবে এই নীতির অন্যতম প্রধান সমর্থক যুক্তরাষ্ট্র যখন নিজেরাই টোল আদায়ের প্রস্তাব দেয়, তখন তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের যুক্তি দুর্বল হয়ে পড়ে।

কেন শুধু ‘প্রণালি খোলা কি না’—এ প্রশ্ন যথেষ্ট নয়

হরমুজ প্রণালি খোলা রয়েছে কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি দাবি অব্যাহত রয়েছে। অক্টোবরে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেন, যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক অংশীদাররা প্রণালিটির নিয়ন্ত্রণে রয়েছে। এক সপ্তাহে প্রায় ৪০০টি জাহাজ চলাচল করেছে বলেও জানান তিনি।

অন্যদিকে, আইআরজিসি দাবি করে, পিজিএসএর সঙ্গে সমন্বয় না করা কোনো জাহাজের জন্য এই নৌপথ নিরাপদ নয়। প্রেসিডেন্ট ট্রাম্পও বারবার বলেছেন, সামরিক অভিযান কার্যত শেষ হয়ে এসেছে এবং মার্কিন নৌবাহিনীর পাহারায় জাহাজ চলাচল সফল হচ্ছে। তবে বাস্তব পরিসংখ্যান কোনো পক্ষের দাবিকেই পুরোপুরি সমর্থন করে না।

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের তুলনায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে। ১১ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে মাত্র ৩০৮টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে। আলজাজিরার উদ্ধৃত এসঅ্যান্ডপি গ্লোবালের তথ্যে দেখা যায়, যুদ্ধের আগে জাহাজের মোট মূল্যের ১ থেকে ৩ শতাংশ থাকলেও গ্রীষ্মকালে যুদ্ধঝুঁকির বীমা প্রিমিয়াম বেড়ে ৭ দশমিক ৫ থেকে ১০ শতাংশে পৌঁছায়।

নভেম্বরে মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও সিনেটরদের জানান, বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে একটি জাহাজ পার করাতে বীমা খরচ হচ্ছে ৬ কোটি ৪০ লাখ ডলার। তবে বিশ্লেষকেরা এ পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ অনিশ্চয়তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সমুদ্রপথে মাইন পাতা নিয়ে বিরোধ।

সেন্টকমের দাবি, তারা জাহাজ চলাচলের প্রধান পথগুলো থেকে মাইন সরিয়ে ফেলেছে এবং বিভিন্ন জাহাজে ক্ষেপণাস্ত্র বা অন্য ধরনের প্রক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হচ্ছে। অন্যদিকে, আইআরজিসি নিয়মিত দাবি করছে, অনুমোদনহীন পথে চলাচল করায় ট্যাংকারগুলো মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ২৪ নভেম্বরও আরও তিনটি ট্যাংকারে আগুন লাগার দাবি করেছে ইরান।

কোন পক্ষের দাবি সঠিক, তা প্রমাণ করা ইরানের জন্য সব সময় জরুরি নয়। বরং বীমা প্রতিষ্ঠান, জাহাজের মালিক ও নাবিকদের মধ্যে যথেষ্ট অনিশ্চয়তা তৈরি করাই তেহরানের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এতে তারা ইরানের নিয়ন্ত্রণব্যবস্থাকে বিবেচনায় নিতে বাধ্য হয়।

একটি নৌপথকে এক পক্ষ নিরাপদ ঘোষণা করছে, অন্য পক্ষ সেটিকে অনুমোদনহীন বলছে—বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে এমন পরিস্থিতি স্বাভাবিকভাবেই ঝুঁকি তৈরি করে।

এ কারণেই ইরানের নতুন বীমা কোম্পানির গুরুত্ব তেহরানের উন্মোচন করা নতুন ‘মিসাইল সিটি’র চেয়েও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, হরমুজ দিয়ে জাহাজ চলাচলের জন্য যদি ইরানের অনুমতিপত্র অথবা মার্কিন নৌবাহিনীর পাহারা বাধ্যতামূলক হয়ে পড়ে, তাহলে সমুদ্র আইন নয়, বরং যে পক্ষ ঝুঁকি নিয়ন্ত্রণ করতে পারবে, কার্যত তারাই প্রণালিটি পরিচালনা করবে।

উপসাগরীয় দেশগুলোর উভয় সংকট

ইরানের হাতে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ চলে যাওয়ার ঝুঁকিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে উপসাগরীয় রাজতন্ত্রগুলো। কিন্তু ইরানকে সেখান থেকে সরিয়ে দেওয়ার সক্ষমতা তাদের সীমিত। তাদের জ্বালানি রপ্তানির বড় অংশ এই প্রণালির ওপর নির্ভরশীল। একই সঙ্গে এসব দেশের ভূখণ্ড ইরানের ড্রোন হামলার আওতার মধ্যে রয়েছে।

গত ২১ ও ২২ নভেম্বরের সপ্তাহান্তে বাহরাইন এ বাস্তবতার মুখোমুখি হয়। আইআরজিসি দাবি করে, দেশটিতে অবস্থিত মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে, বাহরাইন সরকার একটি বেসামরিক শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ডের খবর জানায়।

এ পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর প্রতিক্রিয়ায় ভিন্নতা দেখা গেছে। হরমুজ প্রণালির সঙ্গে সরাসরি উপকূল ভাগাভাগি করা ওমান জুলাইয়ে আইএমও কাউন্সিলকে জানিয়েছে, তারা জাহাজ চলাচলে টোল আরোপের পক্ষে নয়। তবে একই সময়ে তেহরানের সঙ্গে নতুন নৌপথ নির্ধারণের আলোচনাও চালিয়ে গেছে দেশটি।

সেপ্টেম্বরে সালালাহ শহরে ইরান ও ওমানের উপসাগরীয় দেশগুলো এবং ইরাকের কাছে নতুন নৌপথের পরিকল্পনা তুলে ধরার কথা ছিল। কিন্তু বাহরাইনের আপত্তিতে বৈঠকটি স্থগিত করা হয়। অন্য উপসাগরীয় দেশগুলোর অবস্থান অনেকটা নীরব প্রত্যাখ্যানের মতো। তারা হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে চায়, কিন্তু এমন কোনো আলোচনায় বসতে রাজি নয়, যার মাধ্যমে প্রণালির স্থায়ী ব্যবস্থাপনায় ইরানের কর্তৃত্ব মেনে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়।

ফলে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। উপসাগরীয় দেশগুলো আঞ্চলিক পর্যায়ে ইরানের নিয়ন্ত্রণব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ আটকে দিতে পারে, কিন্তু এর বিকল্প কোনো কার্যকর ব্যবস্থা নিজেরা গড়ে তুলতে পারছে না। এ অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকটাই ওয়াশিংটনের হাতে চলে গেছে।

যুক্তরাষ্ট্রের সামনে যুদ্ধ থেকে বেরিয়ে আসার ফাঁদ

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক হিসাব-নিকাশ বদলে গেছে। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষেই জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে এই ফলাফলের জন্য যুদ্ধকে দায়ী করেছেন। এর আগে সেপ্টেম্বরে প্রতিনিধি পরিষদে ইরান যুদ্ধের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব ২২০-২০৪ ভোটে পাস হয়। সাতজন রিপাবলিকানও এর পক্ষে ভোট দেন। সিনেটে এর আগের একটি উদ্যোগ মাত্র এক ভোটের ব্যবধানে ব্যর্থ হয়েছিল।

তবে কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলেও ডেমোক্র্যাটদের হাতে প্রেসিডেন্টের ভেটো বাতিল করার জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকবে না। কিন্তু জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তারা বাজেটসংক্রান্ত বিলে এমন শর্ত যুক্ত করতে পারবেন, যার মাধ্যমে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় অর্থ বরাদ্দ বন্ধ করা সম্ভব হবে।

যুদ্ধের রাজনৈতিক মূল্য এখন হোয়াইট হাউসের বক্তব্যেও স্পষ্ট হয়ে উঠছে। ট্রাম্প অভিযোগ করেছেন, ইরানের হামলা বৃদ্ধির পেছনে তেল-দাম বাড়িয়ে রাখার উদ্দেশ্য রয়েছে। তার দাবি, ডেমোক্র্যাটরাও এ বিষয়ে একই স্বার্থ পোষণ করে। অন্যদিকে, তিনি বারবার বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার মতো একটি স্থায়ী চুক্তি চান।

কাতারের প্রধানমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ নিচ্ছেন। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত যুদ্ধ থেকে বেরিয়ে আসতে হলে নীরবে নৌ অবরোধ শিথিল করার পথও খুঁজতে হতে পারে। কিন্তু এখানেই তৈরি হয়েছে ওয়াশিংটনের জন্য বড় ফাঁদ।

যুক্তরাষ্ট্রের নির্বাচনী সময়সূচির ওপর নির্ভর করে কোনো চুক্তি হলে তাতে মার্কিন ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই বেশি গুরুত্ব পাবে। যেমন—ইরানের পারমাণবিক কর্মসূচি, নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা। কিন্তু যুদ্ধের পর প্রণালিটি কে পরিচালনা করবে, সেটি তুলনামূলক কারিগরি বিষয় হিসেবে আলোচনার বাইরে থেকে যেতে পারে।

ইসলামাবাদ সমঝোতা স্মারকেও ঠিক এমনটাই হয়েছিল। সেখানে সাময়িক সময়ের জন্য টোলমুক্ত জাহাজ চলাচলের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে এ বিষয়ে যে আলোচনা হওয়ার কথা ছিল, তা আর শেষ হয়নি। পরবর্তী কোনো চুক্তিতেও যদি একই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তাহলে ইরান কাগজে-কলমে বড় ছাড় দিলেও যুদ্ধের সবচেয়ে স্থায়ী অর্জনটি ধরে রাখতে পারে। সেটি হলো একটি নিয়ন্ত্রক সংস্থা, নির্ধারিত নৌপথের মানচিত্র এবং জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইরানের অনুমতিপত্র সংগ্রহের অভ্যাস।

যে চারটি বিষয়ের দিকে নজর

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা বুঝতে চারটি বিষয় বিশেষভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন।

১. সম্ভাব্য চুক্তির ভাষা: কোনো চুক্তিতে আন্তর্জাতিক নৌপথ দিয়ে অবাধ চলাচলের অধিকার পুনর্ব্যক্ত করা হচ্ছে কি না, সেটি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পিজিএসএ, তাদের অনুমতিপত্র ও ফি আদায়ের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে কি না, তা দেখতে হবে। শুধু প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রতিশ্রুতি থাকলে ইরান নিজস্ব ব্যবস্থার অধীনে জাহাজ চলাচলকে বৈধতা দেওয়ার সুযোগ পাবে।

২. হরমুজবিষয়ক আইন: জাহাজ থেকে ফি আদায়ের প্রস্তাবটি পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে অনুমোদন পায় কি না এবং গার্ডিয়ান কাউন্সিলের সম্মতি পায় কি না, তা গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বোঝা যাবে, তেহরান এই নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে দর-কষাকষি করতে চায়, নাকি স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে আগ্রহী।

৩. এশীয় দেশগুলোর অবস্থান: চীন ও ভারতের মতো বড় জ্বালানি আমদানিকারক দেশ ইরানের অনুমতিপত্রকে নিয়মিত ব্যবসায়িক ব্যয় হিসেবে মেনে নেয় কি না, তা দেখতে হবে। এসব দেশের জাহাজ নীরবে ইরানের অনুমতি নিয়ে চলাচল করলে তা কার্যত দেশটির নিয়ন্ত্রণকে স্বীকৃতি দেওয়ার মতো হবে।

৪. বীমাবাজারের পরিস্থিতি: যুদ্ধের আগের কাছাকাছি হারে বীমা সুবিধা ফিরে এলে এবং ইরানের বীমা পলিসি কিংবা মার্কিন নৌবাহিনীর পাহারা ছাড়াই জাহাজ চলাচল সম্ভব হলে প্রণালিকে প্রকৃত অর্থে নিরাপদ বলা যাবে। শুধু ঘোষণা দিয়ে কোনো পক্ষই এমন পরিস্থিতি তৈরি করতে পারবে না।

অস্ত্র নয়, অনুমতিপত্রই হতে পারে ইরানের সবচেয়ে বড় অর্জন

ইরান যুদ্ধের সূচনা হয়েছিল দেশটির পারমাণবিক কর্মসূচি এবং নেতৃত্বকে লক্ষ্য করে পরিচালিত সামরিক কৌশলকে কেন্দ্র করে। কিন্তু যুদ্ধের শেষ পরিণতিতে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন সামরিক নয়, প্রশাসনিক হতে পারে। অর্থাৎ ক্ষেপণাস্ত্র বা অস্ত্রের চেয়ে একটি অনুমতিপত্র ব্যবস্থাই হয়ে উঠতে পারে তেহরানের সবচেয়ে বড় সাফল্য।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা সতর্ক করেছে, কোনো উপকূলীয় দেশ যদি আন্তর্জাতিক প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য অর্থ আদায়ের সুযোগ পায়, তাহলে তা বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করবে। এই আশঙ্কা শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ নয়। বাব আল-মান্দেব প্রণালিও ইতোমধ্যে বিভিন্ন পক্ষের বিরোধ ও নিয়ন্ত্রণের প্রতিযোগিতার মুখে রয়েছে। বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথের উপকূলবর্তী দেশগুলোও পর্যবেক্ষণ করছে, ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী রাষ্ট্র কতটা সুবিধা আদায় করতে পারে। এ পরিস্থিতির পরিণতি শেষ পর্যন্ত ইরানের সামরিক সক্ষমতার চেয়ে যুক্তরাষ্ট্রের মনোযোগ ও রাজনৈতিক সদিচ্ছার ওপর বেশি নির্ভর করতে পারে।

হরমুজে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করা এবং সেই উদ্দেশ্যকে প্রতিস্থাপন করতে গড়ে ওঠা নিয়ন্ত্রণব্যবস্থা ভেঙে দেওয়া—এমন সমাধান বাস্তবায়ন করা কঠিন এবং রাজনৈতিকভাবে বিক্রি করাও সহজ নয়। এর পরিবর্তে শুধু প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিয়ে কোনো চুক্তি হলে বাস্তবতা ভিন্ন হতে পারে। কাগজে-কলমে হরমুজ উন্মুক্ত থাকবে, কিন্তু কার্যত সেটি পরিচালিত হবে শুল্ক আদায়ের কেন্দ্র হিসেবে। আর জাহাজ চলাচলের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে তেহরানে।

সূত্র: মডার্ন ডিপ্লোম্যাসি, রয়টার্স, আলজাজিরা ও সিবিএস নিউজ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...