ভারতে হিন্দুত্ববাদীদের মবের পর এবার গির্জায় বুলডোজার চালাল প্রশাসন

ভারতে হিন্দুত্ববাদীদের মবের পর এবার গির্জায় বুলডোজার চালাল প্রশাসন
ছবি: সংগৃহীত।

ভারতের ওড়িশা রাজ্যে একটি গির্জা ভাঙচুরের পর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। রাজ্যের কোরাপুট জেলার পেত্রাগুড়া গ্রামে শনিবার প্রথমে স্থানীয় উগ্রবাদী হিন্দুত্ববাদীরা মব করে গির্জাটির ছাদ ও বিভিন্ন অংশ ভেঙে দেন। পরদিন রোববার প্রশাসন বুলডোজার দিয়ে অবশিষ্ট স্থাপনাটি ভেঙে দেয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও বিভিন্ন সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

সাংবাদিক অমিয় পাণ্ডব অভিযোগ করেছেন, হামলার বিষয়ে পুলিশকে আগেই জানানো হলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তিনি জানান, ১৫ থেকে ২০ বছর আগে ব্যক্তিগত জমিতে গির্জাটি নির্মাণ করা হয়েছিল।

অমিয় পাণ্ডবের অভিযোগ, বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকারের আমলে ওড়িশাজুড়ে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করছে। তিনি দাবি করেন, হামলাকারীদের দলে স্থানীয় বিজেপি বিধায়কের সমর্থকরাও ছিল।

সাংবাদিক রোশনি হাওকিপ এই ঘটনার সমালোচনা করে বলেছেন, এটি ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের সুরক্ষায় বিজেপি সরকারের ব্যর্থতারই প্রতিফলন। তিনি কর্তৃপক্ষের নীরবতারও সমালোচনা করেন এবং বলেন যে, প্রশাসনের এই নিষ্ক্রিয়তা ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলাকে আরও উৎসাহিত করে।

ওড়িশার কোরাপুট জেলায় খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা নতুন নয়। ২০২৫ সালের ৯ জুন নারায়ণপাটনা ও বান্ধুগাঁও ব্লকে একের পর এক হামলায় খ্রিষ্টান পরিবারগুলোর বাড়িঘর আক্রান্ত হয়। প্রাণভয়ে বেশ কয়েকটি পরিবার ঘরবাড়ি ছেড়ে আশপাশের জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়।

ওই ঘটনার কয়েক ঘণ্টা আগে রাষ্ট্রপতির কাছে ওড়িশার রাজ্যপালের মাধ্যমে স্মারকলিপি দিয়েছিল রাষ্ট্রীয় খ্রিষ্টান মোর্চা। এতে খ্রিষ্টানদের ওপর চলমান নিপীড়ন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছিল।

এ ছাড়া গত ২৩ আগস্ট কন্ধমাল জেলায় বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতাদের বিরুদ্ধে খ্রিষ্টানদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। তারা জেলাটিকে ‘গির্জামুক্ত’ করার পাশাপাশি গির্জায় স্থাপিত ক্রুশ সরিয়ে স্বস্তিকা প্রতীক বসানো, গির্জাগুলোকে ভাগবত টুঙ্গিতে রূপান্তর এবং বাইবেল পাঠ বন্ধের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে যাজকদের এলাকা ছেড়ে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।

এর আগে ৫ মার্চ ওড়িশায় আদিবাসী হিন্দু গ্রামবাসীদের একটি দল পেন্টেকোস্টাল সম্প্রদায়ের একটি গির্জায় হামলা চালিয়ে ভাঙচুর করে। এসব ঘটনায় রাজ্যটিতে খ্রিষ্টান সম্প্রদায় ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: মাকতুব মিডিয়া

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...