মজুরি বোর্ডের নতুন বেতন কাঠামো ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে গাজীপুরের শিল্পাঞ্চল ও মহাসড়কগুলোতে বুধবার বিকেল পর্যন্ত উত্তেজনা, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিক নামধারী বহিরাগতদের হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ১৯ জন সদস্য আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, বুধবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলের বিচ্ছিন্ন কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বেরিয়ে এসে সড়ক ও মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে গাজীপুর সদরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, নাওজোড়, মালেকের বাড়ি, টঙ্গী ও সালনাসহ বিভিন্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনের নামে শ্রীপুর, কোনাবাড়ী, সালনা, মাস্টারবাড়ি, ভোগড়া বাইপাস, মালেকের বাড়ি ও বোর্ডবাজারসহ বিভিন্ন শিল্প এলাকায় উৎপাদনরত কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়ে শ্রমিকদের বের করে আনার চেষ্টা করে হামলাকারীরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ জানান, মজুরি ঘোষণার পরবর্তী সময়ে যারা হামলা চালিয়েছেন, তাদের মধ্যে প্রকৃত শ্রমিক নেই; হামলাকারীদের মধ্যে ফ্যাসিস্ট গোষ্ঠীর লোকজন রয়েছে এবং ১৪-১৫ বছর বয়সী কিশোরদেরও দেখা গেছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের সুযোগ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ইন্ধন বা সংশ্লিষ্টতা রয়েছে। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত হওয়া জরুরি।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপে পুলিশের ৭ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। অন্যদিকে আনসারের ১২ সদস্য আহত হওয়ার কথা জানিয়েছেন আনসারের গাজীপুর জেলার উপপরিচালক। এদিকে শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাঝুঁকির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানার সংখ্যা ৫০টিতে দাঁড়িয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বেলা ১২টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও মাস্টারবাড়ি এলাকায় বেশ কিছু কারখানার শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা সড়ক ও মহাসড়কে অবস্থান নিয়ে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে স্লোগান দেন। গাজীপুর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় বিক্ষোভকারীদের ‘ত্রিশ হাজার মজুরি দিতে হবে’ এবং ‘সতেরো হাজার মানি না’—এমন স্লোগান দিতে দেখা যায়।
সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
বিকেলে মহানগরের সালনা এলাকায় শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।
শ্রীপুরে একাধিক কারখানায় হামলা-ভাঙচুরের চেষ্টা
শ্রীপুর শিল্পাঞ্চলে বুধবার সকালে কয়েকটি কারখানার প্রধান ফটকে দলবদ্ধ হয়ে হামলা ও ভাঙচুরের চেষ্টা করা হয়। সকাল ৯টার দিকে বৈরাগীরচালা এলাকার হ্যামস গার্মেন্টস, ভিক্টোরিয়া গার্মেন্টস, লাক্সমা ইনারওয়্যার লিমিটেড এবং কেওয়া দক্ষিণ খণ্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল ও নোমান হোম টেক্সটাইলের সামনে হামলার ঘটনা ঘটে।
কয়েকটি কারখানার ভেতরেও ঢুকে ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
একই সময়ে হ্যামস গার্মেন্টসের ফটক ও কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। ভিক্টোরিয়া গার্মেন্টসের ফটকে অবস্থান নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা চালানো হয়; বাধা পেয়ে ফটকে ভাঙচুর করা হয়। পাশের লাক্সমা ইনারওয়্যার লিমিটেডের ভেতরে ঢুকে এবং নোমান হোম টেক্সটাইলের ফটকে ভাঙচুরের ঘটনাও ঘটে।
জেলা পুলিশ সূত্রের দাবি, এসব ঘটনায় জড়িত ব্যক্তিরা প্রকৃত শ্রমিক নন; বহিরাগত কিছু যুবক বিভিন্ন কারখানার ফটকে গিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেননি। বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল করছে বলে পুলিশ জানিয়েছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল রানা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় হামলাকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, বুধবার দায়িত্ব পালনে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। বৃহস্পতিবার পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরো বাড়ানো হবে। শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রস্তুতি জোরদার করা হচ্ছে।
৫০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, বেশ কিছু কারখানায় এক দিনের ছুটি
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বুধবার শিল্পাঞ্চলের ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রায় ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বলে তিনি জানান। তাঁর ভাষ্য, সকালের তুলনায় দুপুরে পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। কারখানার নিরাপত্তা ও শ্রমিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নজরদারি অব্যাহত রয়েছে।
জিএমপির ২৪ ঘণ্টায় ১৪ মামলা, গ্রেপ্তার ৫৫
গাজীপুর মহানগর পুলিশের ২৫ নভেম্বরের ২৪ ঘণ্টার অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে মহানগরীতে মোট ১৪টি মামলা হয়েছে এবং ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পরোয়ানামূলে ১৫ জন, বিশেষ অভিযানে ১৮ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় ১২ জন রয়েছেন (সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কেউ নেই)। এ ছাড়া মাদকসংক্রান্ত অভিযানে আটজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পরিসংখ্যানে উল্লেখ রয়েছে।
ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
চলমান শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর ও সহিংসতার প্রতিবাদ এবং আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধানের দাবিতে শ্রীপুরের ভবানীপুরে আর অ্যান্ড জি গার্মেন্টসের সামনে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারীদের হাতে ‘ভাঙচুর নয়, সমাধান চাই’ এবং ‘বাঁচবে গার্মেন্টস, বাঁচবে দেশ, সুখে-শান্তিতে বাংলাদেশ’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তারা শ্রমিকদের যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধান এবং শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

