ফ্যাসিস্ট আ.লীগের গোপন বৈঠক, নেতাকর্মীদের পুলিশের হাতে তুলে দিলেন যুবদল নেতা নয়ন

ফ্যাসিস্ট আ.লীগের গোপন বৈঠক, নেতাকর্মীদের পুলিশের হাতে তুলে দিলেন যুবদল নেতা নয়ন

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে ২০ থেকে ২২ জন নেতাকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তার অনুসারীরা। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

ভিডিও ফুটেজ ও ঘটনাস্থল সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ থেকে আসা কয়েকজন এবং রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বনানী থানা শ্রমিক লীগের সভাপতিসহ ২০-২৫ জন নেতাকর্মী একটি ভবনে গোপন বৈঠকে বসেন। সকাল থেকেই এমন তথ্যের ভিত্তিতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন আগেভাগেই প্রশাসনকে অবহিত করেন এবং বিকেলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভবনটি ঘেরাও করেন।

বিজ্ঞাপন

অভিযানের সময় ভবনের পেছনের দিকের জানালা কেটে মই ব্যবহার করে এবং দোতলা থেকে লাফিয়ে কয়েকজন পালিয়ে গেলেও নারী নেত্রীসহ অন্তত ২০ থেকে ২২ জনকে আটকে রাখা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটক ব্যক্তিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন, মানিব্যাগ ও পাসপোর্টও যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়।

ঘটনাস্থলে সাংবাদিকদের রবিউল ইসলাম নয়ন জানান, আগামী ডিসেম্বর মাসকে ঘিরে নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই গোপন বৈঠকে বসেছিলেন। ভবনটির ভেতরে কিছু বিস্ফোরক দ্রব্য ও অবৈধ সামগ্রী পাওয়া গেছে, যা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হুঁশিয়ারি উচ্চারণ করে যুবদলের এই নেতা বলেন, ঢাকা মহানগরের ভেতরে যেখানেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গোপন বৈঠক বা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাবে, সেখানেই তাদের প্রতিহত করা হবে।

পুলিশ জানিয়েছে, গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ব্যক্তিদের হেফাজতে নেওয়া হয়েছে এবং যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...