পালিয়ে যাওয়া কোনো নেতা ফিরে আসার ইতিহাস নেই, শেখ হাসিনাও কখনো ফিরে আসবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
বুধবার বিকেলে গোপালগঞ্জে আওয়ামী ফ্যাসিস্টদের সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অ্যাডভোকেট হেলাল আরও বলেন, পালিয়ে যাওয়া ইঁদুর গর্তের মুখে বসে চিৎকার করতে পারে, তবে কখনো বাইরে আসতে পারে না। পালিয়ে যাওয়া ইঁদুর-চামচিকারা কোনো নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ এখন ইতিহাস, এটাকে বাস্তবতায় ফিরিয়ে আনা সম্ভব নয়। জনগণ থেকে বিচ্ছিন্ন রাজনীতি থেকে হারিয়ে যাওয়া আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়ে সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হচ্ছে। জনগণ এর দাঁতভাঙা জবাব দেবে।
অ্যাডভোকেট হেলাল আরও বলেন, শেখ হাসিনাকে অবশ্যই দেশে ফিরিয়ে আনা হবে, তবে তা তাঁর বিচারের রায় কার্যকর করার জন্য, রাজনীতি করার জন্য নয়। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করুন।
তিনি বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করার কারণেই দেশে এই অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন সর্বদলীয় ঐক্যের কথা বলা হচ্ছে। কিন্তু সর্বদলীয় ঐক্যের মূল ভিত্তি হলো জুলাই সনদ। সেটি বাস্তবায়ন ছাড়া ঐক্য সম্ভব নয়। মুনাফিকি ছেড়ে কথা ও কাজে মিল রাখুন, জনগণ আস্থা রাখবে এবং ঐক্য সফল হবে।
সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কোনো পদক্ষেপ নিচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সর্বমন্ত্রীর দায়িত্ব নিয়ে নিজের মন্ত্রণালয় পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। অবিলম্বে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানান তিনি।
জহির উদ্দিন মুহাম্মদ বাবর আরও বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের ভূখণ্ড। এখানে কোনো সন্ত্রাস ও নৈরাজ্য হোক, এ দেশের জনগণ তা মেনে নেবে না। প্রয়োজনে সারা দেশের মানুষ গোপালগঞ্জে লংমার্চ করবে এবং সন্ত্রাসীদের সমূলে উৎপাটন করবে। আপনারা জাতির সঙ্গে যে দ্বিমুখী আচরণ করছেন, তার জবাব জনগণ দেবে, ইনশাআল্লাহ।
মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল ও মাওলানা মতিউর রহমান এবং ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগর সভাপতি আতিকুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

