শ্রমিকদের জন্য ডাইফ হেল্পলাইনের আপগ্রেড সংস্করণ উদ্বোধন

শ্রমিকদের জন্য ডাইফ হেল্পলাইনের আপগ্রেড সংস্করণ উদ্বোধন

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ) পরিচালিত শ্রম বিষয়ক হেল্পলাইন ১৬৩৫৭-এর আপগ্রেড ভার্সনের উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার রাজধানীর শ্রম ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই সংস্করণটির উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাইফের মহাপরিদর্শক ও অতিরিক্ত সচিব ওমর মো. ইমরুল মহসিন। সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন শ্রম সংগঠন, অংশীজন ও গণমাধ্যমের প্রতিনিধিরা এই আয়োজনে অংশগ্রহণ করেন।

টোল-ফ্রি এই হেল্পলাইনের মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে ২৪ ঘণ্টা বিনামূল্যে শ্রমিকরা সরাসরি যোগাযোগ করে তাদের অভিযোগ জানাতে পারবেন এবং প্রয়োজনীয় আইনগত পরামর্শ গ্রহণ করতে পারবেন। বেতন ও মজুরি সংক্রান্ত পাওনা, প্রসূতি সুবিধা, অন্যায্য বরখাস্ত, সার্ভিস বেনিফিট, কর্মস্থলের নিরাপত্তা, কর্মঘণ্টা ও ছুটি সংক্রান্ত সমস্যা এবং শ্রম-সম্পর্কিত অন্যান্য বিষয়ে হেল্পলাইনে অভিযোগ জানানো যাবে।

ডাইফের কর্মকর্তারা জানান, হেল্পলাইনের আধুনিকায়নের ফলে শ্রমিকদের অভিযোগ ব্যবস্থাপনা আরও গতিশীল ও ফলপ্রসূ হবে। নতুন সংস্করণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ায় দ্রুত তথ্য বিশ্লেষণ, অভিযোগের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সময়মতো প্রতিক্রিয়া প্রদান করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বক্তারা শ্রমিকবান্ধব প্রযুক্তিনির্ভর সেবার প্রশংসা করেন এবং শ্রমিকদের আস্থা অর্জনের মাধ্যমে একটি দায়িত্বশীল ও মানবিক শ্রম প্রশাসন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন