দেশের সব ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) তাদের সকল মার্চেন্ট পেমেন্টে বিদ্যমান বিভিন্ন ধরনের নিজস্ব মালিকানাধীন কিউআর কোড বাতিল করে আগামী ৩০ জুনের মধ্যে বাংলা কিউআর চালু করতে হবে।
বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, একটি ইন্টারঅপারেবল, নিরাপদ, ব্যয় সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ‘বাংলা কিউআর’ চালু করা হয়েছে। এর মাধ্যমে ব্যাংক, এমএফএস ও অন্যান্য পেমেন্ট সেবাদাতাদের মধ্যে সমন্বিত লেনদেন সহজ হবে।
নির্দেশনায় বলা হয়েছে, সকল তফসিলি ব্যাংক, এমএফএস, পিএসপি ও পিএসও তাদের বিদ্যমান নিজস্ব কিউআর কোড বাতিল করে নির্ধারিত প্রযুক্তিগত মান অনুযায়ী বাংলা কিউআর বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি মার্চেন্ট ও গ্রাহক পর্যায়ে এর ব্যবহার বাড়াতে সচেতনতা কার্যক্রম জোরদার করার নির্দেশও দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, বাংলা কিউআর চালু করার ক্ষেত্রে নির্ধারিত প্রযুক্তিগত মান ও ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করতে হবে। মার্চেন্ট পয়েন্টে গ্রাহকদের জন্য বাংলা কিউআর দৃশ্যমানভাবে প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করার লক্ষে নিয়মিত তদারকি করতে হবে। বাংলা কিউআর মার্চেন্ট পয়েন্ট ব্যতীত কোনরূপ ক্যাশ আউট কার্যক্রম পরিচালিত হলে সংশ্লিষ্ট মার্চেন্টের বাংলা কিউআর বাতিল করতে হবে। এ নির্দেশনা লঙ্ঘন হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সার্কুলারে বলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

