চলতি বছরের জুন মাসে কারখানাগুলোতে ঈদুল আজহার দীর্ঘ ছুটি এবং মাসের শেষে দুই দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় রপ্তানি আয় ৬ শতাংশের বেশি কমেছে। তবে পুরো অর্থবছর মিলিয়ে দেশের রপ্তানি আয় প্রায় ৯ শতাংশ বেড়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের (জুলাই ২০২৪–জুন ২০২৫) জুন মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় কমে গেছে। তবে পুরো অর্থবছরে বাংলাদেশ পণ্য রপ্তানি করে ৪৮ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে, যা আগের অর্থবছরে (২০২৩-২৪) ছিল ৪৪ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।
এর আগে, এপ্রিল মাসে রোজার ঈদের বন্ধের কারণেও রপ্তানি আয়ে ধীরগতি ছিল। তবে মে মাসে আবারও গতি ফিরেছিল দেশের পণ্য রপ্তানিতে। চলতি অর্থবছরের মে মাসে পণ্য রপ্তানিতে ১১ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী, মে মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় দাঁড়িয়েছিল ৪ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার। এপ্রিল মাসে রপ্তানি আয় ছিল ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার।
রপ্তানি আয়ের তথ্যে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে কৃষিজাত পণ্য রপ্তানি আয় বেড়েছে ২ দশমিক ৫২ শতাংশ। এছাড়া পোশাক খাতে ৮ দশমিক ৮৪ শতাংশ, প্লাস্টিক পণ্যে ১৬ দশমিক ২১ শতাংশ, হোম টেক্সটাইলে ২ দশমিক ৪২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে পাটজাত পণ্যে ৪ দশমিক ১০ শতাংশ, কাচজাত পণ্যে ৩৮ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

