‎মানি চেঞ্জার লাইসেন্স নিতে পারবে ব্যাংকের শাখা ও হোটেল

‎মানি চেঞ্জার লাইসেন্স নিতে পারবে ব্যাংকের শাখা ও হোটেল

‎দেশের তফশিলি ব্যাংকের শাখা বা ব্যাংক বুথ, হোটেল এবং গিফট শপ প্রতিষ্ঠানগুলো এখন ৫০ হাজার টাকা ফি দিয়ে সীমিত আকারে মানিচেঞ্জারের লাইসেন্স নিতে পারবে। এর ফলে এসব প্রতিষ্ঠানগুলো সীমিত আকারে বৈদেশিক মুদ্রার লেনদেন করতে পারবেন।

‎বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

‎‎প্রজ্ঞাপনে বলা হয়েছে, সীমিত মানিচেঞ্জার লাইসেন্স পাওয়া জন্য ব্যাংকের ক্ষেত্রে তাদের প্রধান কার্যালয়ের মাধ্যমে এবং অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে এডি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে হবে।  ইস্যুকৃত লাইসেন্স কোন অবস্থাতেই হস্তান্তরযোগ্য হবে না। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠান তার ব্যবসায়িক স্থান পরিবর্তন করতে পারবে।

‎এতে আরো বলা হয়েছে, লাইসেন্সপ্রাপ্ত ব্যাংকের শাখা বা বুথ বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়, বিদেশগামী নাগরিকদের পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট এবং এনক্যাশমেন্টসহ ইস্যুকৃত লাইসেন্সে উল্লিখিত অন্যান্য লেনদেন করতে পারবে।

‎ঢাকা অঞ্চলের অনুমোদিত ব্যাংক শাখা বা বুথগুলো বৈদেশিক মুদ্রায় লেনদেনের মাসিক ভিত্তিতে তথ্য তাদের এডি ব্যাংকের মাধ্যমে ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্টে (ডিভিশন-২) পাঠাতে হবে। আর  অন্যান্য অঞ্চলে অবস্থিত লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কার্যালয় বরাবর রিপোর্ট প্রদান করবে। এসব প্রতিষ্ঠানকে সময়ে সময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত  সকল নির্দেশনা পরিপালন করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

‎প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠান তার পণ্য বা সেবা বিক্রয়ের বিপরীতে শুধুমাত্র বিদেশি পাসপোর্টধারী নাগরিকদের নিকট হতে নগদ বৈদেশিক মুদ্রা গ্রহণ করতে পারবে। ক্রয়কৃত বৈদেশিক মুদ্রা পরবর্তী কর্মদিবসের মধ্যে অনুমোদিত এডি ব্যাংকের মাধ্যমে স্থানীয় মুদ্রায় রূপান্তর করতে হবে। তবে লেনদেনের সুবিধার্থে সর্বোচ্চ এক হাজার ডলার অথবা সমমূল্যের অন্যান্য অনুমোদিত বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করতে পারবে।

‎এছাড়া ব্যাংক শাখা বা বুথের ক্ষেত্রে লাইসেন্সের মেয়াদ নবায়নের প্রয়োজন নেই। তবে অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে লাইসেন্সের মেয়াদকাল হবে দুই বছর। এসকল প্রতিষ্ঠানকে লাইসেন্স মেয়াদোত্তীর্ণের দুই মাস আগে এডি ব্যাংকের মাধ্যমে ১০ হাজার টাকা ফি দিয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে হবে।

‎নির্দেশনায় আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক আবেদনকারী ব্যাংক শাখা বা বুথ এবং অন্যান্য প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করতে পারবে। পরিদর্শনকালীন সময়ে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দলকে সার্বিক সহযোগিতা করার উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রায় লেনদেনের তথ্য ও প্রামাণিক দলিলাদি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

‎প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পরিপালনে ব্যর্থ হলে অথবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অভিযুক্ত হলে কোনরূপ কারণ দর্শানো ছড়াই লাইসেন্স বাতির করতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন