কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষে রোববার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিজ নিজ প্রতিষ্ঠানের সমন্বয়কারী কর্মকর্তা নিয়োগ দিতে বলেছে। একই সঙ্গে ওই কর্মকর্তার পদবি ও মোবাইল নম্বর আগামী ১৭ মে’র মধ্যে বাংলাদেশ ব্যাংকে ই-মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কোন হাটে কোন ব্যাংক দায়িত্ব পালন করবে, তাও নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঢাকার বাইরের হাটগুলোর দায়িত্ব সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংক অফিস নির্ধারণ করবে।
নির্দেশনায় বলা হয়েছে, রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অনুমোদিত পশুর হাটে ঈদের আগের রাত পর্যন্ত বিরতিহীনভাবে নোট যাচাই-সংক্রান্ত সেবা দিতে হবে। ঢাকার বাইরে যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই, সেখানে বিভিন্ন ব্যাংকের দায়িত্ব বণ্টন করবে সোনালী ব্যাংক।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের গাবতলী হাটে ইসলামী ব্যাংক ও সীমান্ত ব্যাংক, মিরপুর সেকশন-৬-এর ওয়ার্ড নং-৬ (ইস্টার্ন হাউজিং) এলাকার খালি জায়গায় এবি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক, মিরপুর কালশী বালুর মাঠের (১৬ বিঘা) খালি জায়গায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসংলগ্ন খালি জায়গায় আইএফআইসি ব্যাংক ও মেঘনা ব্যাংক দায়িত্ব পালন করবে।
এ ছাড়া মেরুল বাড্ডা কাঁচাবাজারসংলগ্ন খালি জায়গায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, পূর্ব হাজীপাড়ায় ইকরা মাদ্রাসার পাশের খালি জায়গায় এনআরবি কমার্শিয়াল ব্যাংক, মোহাম্মদপুর বছিলার ৪০ ফুট সড়কসংলগ্ন খালি জায়গায় সিটি ব্যাংক ও অগ্রণী ব্যাংক, উত্তরা দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টরসংলগ্ন বউবাজার এলাকায় ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক বুথ স্থাপন করবে।
ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে ১০ নম্বর সেক্টরের রানাভোলা সুইচগেট পর্যন্ত (রাস্তা ব্যতীত) খালি জায়গায় ট্রাস্ট ব্যাংক, কাঁচকুড়া বাজারসংলগ্ন রহমাননগর আবাসিক এলাকায় ইসলামী ব্যাংক, খিলক্ষেত থানার ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্টসংলগ্ন পশ্চিমপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং খিলক্ষেত বাজারসংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গায় এনআরবি ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংক দায়িত্ব পালন করবে।
এ ছাড়া ভাটারা সুতিভোলা খালসংলগ্ন খালি জায়গায় ব্যাংক এশিয়া, বনরূপা আবাসিক প্রকল্প এলাকায় যমুনা ব্যাংক, মহাখালী টিএন্ডটি মাঠসংলগ্ন খালি জায়গায় শাহজালাল ইসলামী ব্যাংক, বাড্ডা থানার অন্তর্গত স্বদেশ প্রপার্টির খালি জায়গায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, বড় বেরাইদে বসুন্ধরা গ্রুপের খালি জায়গায় সিটিজেনস ব্যাংক এবং কচুক্ষেত বাজারের রজনীগন্ধা সুপার মার্কেটের পেছনের খালি জায়গায় বেসিক ব্যাংক জাল নোট শনাক্তে কাজ করবে।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩টি হাটে কাজ করবে ১৯টি ব্যাংক। এর মধ্যে সারুলিয়া বাজারে (স্থায়ী হাট) দি প্রিমিয়ার ব্যাংক ও উত্তরা ব্যাংক, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে নদীর তীরবর্তী খালি জায়গায় ডাচ্-বাংলা ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন এলাকায় ঢাকা ব্যাংক ও রূপালী ব্যাংক দায়িত্ব পালন করবে।
আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পাশের খালি জায়গায় জনতা ব্যাংক ও ওয়ান ব্যাংক, রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন এলাকায় (লালবাগ) মধুমতি ব্যাংক ও কমিউনিটি ব্যাংক, শ্যামপুর কদমতলী ট্রাকস্ট্যান্ডসংলগ্ন খালি জায়গায় যমুনা ব্যাংক, শিকদার মেডিকেলসংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের খালি জায়গায় সাউথইস্ট ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক বুথ স্থাপন করবে।
এ ছাড়া কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ি পানির পাম্পসংলগ্ন রাস্তার অব্যবহৃত খালি জায়গায় পূবালী ব্যাংক, সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গায় এসবিএসি ব্যাংক, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ-পূর্ব পাশের খালি জায়গায় ব্র্যাক ব্যাংক, গোলাপবাগের আউটফল স্টাফ কোয়ার্টারের উত্তর পাশের খালি জায়গায় মার্কেন্টাইল ব্যাংক, মোস্তমাঝি মোড়সংলগ্ন বনশ্রী হাউজিং এলাকায় ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক এবং দয়াগঞ্জ রেলক্রসিং থেকে জুরাইন রেলক্রসিং পর্যন্ত এলাকায় সোনালী ব্যাংক জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করবে।
সুষ্ঠুভাবে লেনদেন নিশ্চিত করতে ব্যাংকগুলো সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পৌরসভা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে পারবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো জাল নোট শনাক্ত হলে তা প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

