দক্ষ, প্রতিযোগিতামূলক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন মানবসম্পদ তৈরিতে এক নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)। রাজধানীর সোবহানবাগে প্রতিষ্ঠানের নবনির্মিত ১২ তলার প্রশিক্ষণ কমপ্লেক্সের কাজ শেষ হয়েছে। উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা চালু হওয়ায় গত তিন মাসে প্রতিষ্ঠানের আয় হয়েছে ৫০ লাখ টাকা।
শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ঢাকার বিআইএমকে শক্তিশালীকরণ (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়েছে এই আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র। ২০১৮ সালের ১১ এপ্রিল একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায়। প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারিত হয় ২০১৮ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত।
মোট ১৫৫ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে পরিচালিত প্রকল্পটির ৯৯ দশমিক ৮৯ শতাংশ অর্থ ইতোমধ্যে ব্যয় হয়েছে। বিআইএম নিজেই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে ছিল।
বিআইএম এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন ভবনের পাশাপাশি বিআইএমের শিক্ষা ও প্রশিক্ষণ পদ্ধতিতেও এসেছে গুণগত পরিবর্তন। পিজিডি কোর্সগুলোর পাঠক্রম আন্তর্জাতিক মান অনুযায়ী হালনাগাদ করা হয়েছে। প্রশিক্ষণ কাঠামো সাজানো হয়েছে দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীদের চাহিদা বিবেচনায়।
পাশাপাশি, অনুষদ সদস্যদের জন্য বিদেশে প্রশিক্ষণ ও জ্ঞান অর্জনের সুযোগ বৃদ্ধি পেয়েছে, যাতে তারা আধুনিক ব্যবস্থাপনা, নেতৃত্ব এবং প্রযুক্তিনির্ভর দক্ষতায় সমৃদ্ধ হতে পারেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নবনির্মিত কমপ্লেক্স উদ্বোধনের মাত্র তিন মাসের মধ্যেই সরকারি খাতে প্রায় ৫০ লাখ টাকা আয় হয়েছে। দেশের দক্ষতা উন্নয়ন খাতে বিআইএম এখন একটি মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে।
প্রকল্পের নকশা অনুযায়ী কমপ্লেক্সে থাকছে ১২ তলা ভবন, দুটি বেইসমেন্টসহ প্রায় দুই লাখ ১০ হাজার বর্গফুট আয়তন, ২৪টি শ্রেণিকক্ষ (প্রতিটিতে ৬৪ জন; মোট ১,৫৩৬ জন প্রশিক্ষণার্থীর ধারণক্ষমতা), ৪টি আধুনিক কম্পিউটার ল্যাব (মোট ধারণক্ষমতা ২৬০ জন), ৮৪টি হোস্টেল কক্ষ ও ৮টি ভিআইপি হোস্টেল, কনফারেন্স হল (৪৭৫ জন), মাল্টিপারপাস হল (৩৯৯ জন), ওয়ার্কশপ গ্যালারি (১৯০ জন), অডিও-ভিজুয়াল ল্যাব, প্রোডাকটিভিটি ল্যাব, জিমনেসিয়াম, ইনডোর গেমস রুম ইত্যাদি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

