নয়াবাজারে ‘মেড ইন থাইল্যান্ড’ লেখা নকল ‘ডাবল এ’ কাগজ জব্দ

নয়াবাজারে ‘মেড ইন থাইল্যান্ড’ লেখা নকল ‘ডাবল এ’ কাগজ জব্দ

পুরান ঢাকার নয়াবাজারে অভিযান চালিয়ে ‘ডাবল এ’ ব্র্যান্ডের ৪৪৪ রিম নকল কাগজ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। দেশে উৎপাদিত এসব কাগজ ‘মেইড ইন থাইল্যান্ড’ লিখে বাজারে বিক্রি করা হচ্ছিল।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১০) সহায়তায় নয়াবাজারের দুটি প্রতিষ্ঠানে পৃথক অভিযান চালিয়ে কাগজগুলো জব্দ করা হয়। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানায়।

সিআইআইডি জানায়, অভিযানে ‘ডাবল এ’ ব্র্যান্ডের নাম ও ‘মেইড ইন থাইল্যান্ড’ লেখা কাগজ পাওয়া যায়। প্রথম অভিযানে ১৮৪ রিম এবং দ্বিতীয় অভিযানে ২৬০ রিম কাগজ জব্দ করা হয়।

অভিযানে পাওয়া তথ্য ও সংশ্লিষ্টদের বিবৃতি থেকে জানা গেছে, কাগজগুলো আসলে বাংলাদেশেই তৈরি। দেশে উৎপাদিত কাগজে বিদেশি ব্র্যান্ডের নাম ও উৎপত্তি দেশের ভুয়া পরিচয় ব্যবহার করে সেগুলো বাজারজাত করা হচ্ছিল।

সিআইআইডির মতে, দেশীয় পণ্যে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের মিথ্যা পরিচয় ব্যবহার করে একদিকে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, অন্যদিকে বৈধ আমদানিকারক ও ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন।

সংস্থাটি ধারণা করছে, এ ধরনের নকল কাগজ উৎপাদন ও বাজারজাতকরণে আরও প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে। সেগুলো শনাক্ত করে সংশ্লিষ্ট কারখানা, গুদাম ও বিক্রয়কেন্দ্রে ধারাবাহিক অভিযান চলবে বলে জানিয়েছে সিআইআইডি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন