শিশুদের সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

শিশুদের সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুরক্ষিত ও সহিংসতামুক্ত ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর। এ লক্ষ্যে সুশাসন ও অর্থায়ন জোরদার, আইন সংস্কার এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণসহ সাতটি অগ্রাধিকার খাতে সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে কাজ করছে সরকার।

বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘সেকেন্ড গ্লোবাল মিনিস্টারিয়াল কনফারেন্স অন এন্ডিং ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন’ শীর্ষক সম্মেলনের প্লেজিং সেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদানকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় নারী ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সম্মেলনে বাংলাদেশের প্রথম জাতীয় ‘ইভ্যাক প্লেজ’ উপস্থাপন করে মন্ত্রী জানান, দেশের আটটি বিভাগের শিশু, স্থানীয় জনগোষ্ঠী, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং সরকারি অংশীজনদের সঙ্গে ব্যাপক পরামর্শের ভিত্তিতে এই অঙ্গীকারনামা প্রণয়ন করা হয়েছে। যেখানে শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা নির্মূলে সাতটি অগ্রাধিকার ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।

সাতটি অগ্রাধিকার খাত তুলে ধরে মন্ত্রী বলেন, প্রথমত, শক্তিশালী শিশু সুরক্ষা প্রতিষ্ঠান, বহুমুখী সমন্বয় ব্যবস্থা এবং শিশুদের কল্যাণে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে সুশাসন, সমন্বয় ও অর্থায়ন জোরদার করা হবে।

দ্বিতীয়ত, সহিংসতা ও ক্ষতিকর প্রথা থেকে শিশুদের অধিকতর সুরক্ষা প্রদানে শিশু আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইন সংস্কারসহ প্রচলিত আইন ও নীতিমালা আরও শক্তিশালী করা হবে।

তৃতীয়ত, জাতীয় পর্যায়ে ‘পজিটিভ প্যারেন্টিং’ কর্মসূচি গ্রহণ এবং নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থায় বিনিয়োগ বৃদ্ধি করা হবে, যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আনন্দের সঙ্গে শিক্ষা’ (লার্নিং উইথ হ্যাপিনেস) রূপকল্প বাস্তবায়নকে এগিয়ে নেবে।

চতুর্থ অগ্রাধিকার খাত প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, মনোসামাজিক সহায়তা এবং সমাজসেবায় জনবল বৃদ্ধিসহ শিশু সুরক্ষা ও সহায়তা সেবাসমূহ আরও শক্তিশালী করা হবে। পঞ্চমত, অনলাইনে সহিংসতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণসহ জরুরি অবস্থা এবং ডিজিটাল পরিসরে শিশুদের সুরক্ষা জোরদার করা হবে।

ষষ্ঠত, অগ্রগতি ও ফলাফল নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে শিশু সুরক্ষায় তথ্যব্যবস্থা, উপাত্ত সংগ্রহ এবং জবাবদিহিতা কাঠামো শক্তিশালী করা হবে।

সপ্তম এবং সর্বশেষ অগ্রাধিকার, শিশু ও কিশোর-কিশোরীদের জীবনকে প্রভাবিত করে এমন সব নীতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

মন্ত্রী তার বক্তব্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এসব অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রতিটি শিশু নিরাপদ, সুরক্ষিত এবং সব ধরনের সহিংসতা থেকে মুক্ত থাকবে।

উল্লেখ্য, বিশ্বের ১২৯টি দেশের ৬৬ জন মন্ত্রী ও প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে ফিলিপাইনের ম্যানিলায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও প্রতিনিধি, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, মানবাধিকারকর্মী এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...