পুঁজিবাজারে ডেরিভেটিভস চালুর উদ্যোগ: ২০২৮ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য ডিএসইর

পুঁজিবাজারে ডেরিভেটিভস চালুর উদ্যোগ: ২০২৮ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য ডিএসইর

দেশের পুঁজিবাজারে পণ্যের বৈচিত্র্য, বাজারের গভীরতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. (ডিএসই) এক্সচেঞ্জ-ট্রেডেড প্ল্যাটফর্মে আর্থিক ডেরিভেটিভস প্রবর্তন বিষয়ে অংশীজনদের নিয়ে একটি সচেতনতা ও পরামর্শমূলক কর্মসূচির আয়োজন করে।

বিজ্ঞাপন

সোমবার ডিএসইর ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত কর্মসূচিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. নাফিজ আল তারেক, সিএফএ, এফআরএম, নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের জেনারেল ম্যানেজার সাইয়িদ মাহমুদ জুবায়ের উপস্থিত ছিলেন৷

কর্মসূচিতে শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহণ করেন।

বিএসইসির কমিশনার মো. নাফিজ আল তারেক বলেন, পুঁজিবাজারে ডেরিভেটিভ চালুর বিষয়ে কমিশন ইতিবাচক। তবে এর আগে প্রয়োজনীয় অবকাঠামো, ঝুঁকি ব্যবস্থাপনা এবং বাজারের প্রস্তুতি নিশ্চিত করা জরুরি। ২০২৮ সালের মধ্যে ডেরিভেটিভ চালুর লক্ষ্য সামনে রেখে সেন্ট্রাল কাউন্টারপার্টি (CCP) ব্যবস্থা কার্যকর করা এবং বিধিমালার সংশোধনের ওপর জোর দেওয়া হচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার জানান, পুঁজিবাজারের উন্নয়নে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। নির্দিষ্ট রোডম্যাপ ও সময়সূচি অনুযায়ী অংশীজনদের মতামতের ভিত্তিতে ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে।

বিএসইসি-এর নির্বাহী পরিচালক মো. আবুল কালাম বলেন, ডেরিভেটিভের সফল বাস্তবায়নে শক্তিশালী রেগুলেটরি, প্রযুক্তিগত এবং রিস্ক ম্যানেজমেন্ট কাঠামো গড়ে তোলার কাজ চলছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের জেনারেল ম্যানেজার সাইয়িদ মাহমুদ জুবায়ের জানান, ২০২৮ সালের জানুয়ারিতে ডেরিভেটিভ পণ্য চালুর পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে 'Stock Index Futures', পরবর্তীতে 'Single Stock Deliverable Futures' এবং দীর্ঘমেয়াদে 'Options Market' চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন