একজন দীর্ঘ সাড়ে চার মাসের চোট কাটিয়ে ফিরেছেন, অন্যজন নিউ ইয়র্কের হার্ডকোর্টে শিরোপার হ্যাটট্রিকের পথে ছুটছেন। তবে ইউএস ওপেনের শেষ ষোলোর বাধা পেরিয়ে কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কার মিল এখন এক জায়গায়—দুজনেরই টানা জয়ের সংখ্যা ১৮। একই দিনে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নতুন কীর্তির পথে এগিয়েছেন দুই তারকা। শেষ আটে আলকারাজের প্রতিপক্ষ বেন শেলটন।
দীর্ঘদিন কোর্টের বাইরে থাকার পর মাত্র চতুর্থ প্রতিযোগিতামূলক একক ম্যাচ খেলতে নেমে টমি পলকে সরাসরি ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন আলকারাজ। চোটের কারণে গত ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে খেলতে পারেননি স্প্যানিশ তারকা। তবে ফেরার পর দারুণ ছন্দেই এগোচ্ছেন সাবেক নাম্বার ওয়ান। ম্যাচ শেষে আলকারাজ বলেন, ‘আমার মনে হয়, পূর্ণশক্তিতে ফিরছি। ২০২১ সালে ইউএস ওপেনে অভিষেকের পর এক বছর ছাড়া প্রতিবারই এখানে কোয়ার্টার ফাইনালে উঠেছি। এখানকার পরিবেশ আমার জন্য কতটা বিশেষ, সেটাই তা বলে দেয়।’
চোটের কারণে সাড়ে চার মাস বাইরে থাকার বিষয়টিও যেন তাকে খুব একটা ভাবাচ্ছে না। আলকারাজ বলেন, ‘আমি শুধু কোর্টে থাকাটা উপভোগ করতে চাই। সাড়ে চার মাস বাইরে ছিলাম কি না, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। এখানে এলেই আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’
অন্যদিকে, টেলর টাউনসেন্ডকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে টানা ষষ্ঠবার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সাবালেঙ্কা। বর্তমান চ্যাম্পিয়ন নিউ ইয়র্কে টানা ১৮ ম্যাচে জয় তুলে নিলেন। দ্বিতীয় সেটে ১-৩ ব্যবধানে পিছিয়ে পড়েও টানা পাঁচ গেম জিতে ম্যাচ শেষ করেন বেলারুশিয়ান তারকা। ২০১৬ সালে সেরেনা উইলিয়ামসের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনে টানা ছয় আসরে কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি। ২০২৪ ও ২০২৫ সালের পর টানা তৃতীয় শিরোপার জন্য সাবালেঙ্কার দরকার আর তিন জয়। সেরেনাই সর্বশেষ খেলোয়াড়, যিনি ইউএস ওপেনে টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছিলেন। শেষ আটে তার সামনে উইম্বলডন চ্যাম্পিয়ন লিন্ডা নোসকোভা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

