প্রশ্ন : বর্তমান সময়ে বাসাবাড়িতে সাধারণত গোসলখানার ভেতরই টয়লেট থাকে। মাঝে কোনো আড়াল থাকে না। তবে টয়লেটের ফ্লোর গোসলখানার ফ্লোর থেকে একটু উঁচু থাকে। আমাদের বাড়িতেও এমনই।
জানার বিষয় হলো, এ ধরনের গোসলখানায় কি অজু-গোসল করা যাবে? গেলে সেখানে অজু-গোসলের দোয়া পড়া যাবে কি না?
মাওলানা সালিম বিন আবদুল মালিক, দরলইগাঁও, সিলেট
উত্তর : এ ধরনের গোসলখানায় অজু-গোসল করতে অসুবিধা নেই। আর গোসলখানা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে এবং টয়লেট থেকে দুর্গন্ধ না এলে সেখানে অজু-গোসলের দোয়া পড়া যাবে। কিন্তু সেখানে ময়লা থাকলে কিংবা টয়লেট থেকে দুর্গন্ধ এলে শব্দ করে দোয়া পড়বে না; বরং নিঃশব্দে পড়বে।
আর যদি গোসলখানা না হয়ে শুধু টয়লেট হয়, তাহলে এর ভেতরে অজু করলে সে ক্ষেত্রেও মুখে উচ্চারণ না করে মনে মনে দোয়া পড়বে।
[কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ, বর্ণনা ২৭৮; মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা ১২৩২; মিরকাতুল মাফাতীহ, ২/৫০; রদ্দুল মুহতার, ২/১৯৪]
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


