আপত্তিকর ভিডিও ভাইরাল

বিএফআইইউর প্রধান শাহীনুলের বিরুদ্ধে তদন্তে বাংলাদেশ ব্যাংক

বিএফআইইউর প্রধান শাহীনুলের বিরুদ্ধে তদন্তে বাংলাদেশ ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার একটি অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেইজে তার আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিও ভাইরাল হওয়ার পরই বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন জায়গায় সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর।

বিজ্ঞাপন

শাহীনুল ইসলামের ভিডিও ভাইরাল বিষয়ে জানতে চাইলে একটি গণমাধ্যমকে গভর্নর বলেন, 'আমরা অভিযোগের সত্যতা যাচাই করছি। নিঃসন্দেহে এটি একটি সংবেদনশীল বিষয়, যা আপনাকে স্বীকার করতে হবে।'

সংশ্লিষ্টরা জানান, বিএফআইইউর মতো একটি সংস্থার প্রধানের এমন আপত্তিকর ভিডিও মেনে নেওয়া যায় না। একটি সংস্থার জন্য লজ্জাজনক বিষয়ও। সরকার এ পদে নিয়োগ দেওয়ার জন্য যোগ্যতার পাশাপাশি চারিত্রিক দিক বিবেচনা নেয়া উচিত ছিল। এ প্রতিষ্ঠান শুধু দেশের মধ্যে তাদের কার্যক্রম সীমাবদ্ধ না৷ বিশ্বের অনেক দেশের সঙ্গেই কাজ করতে হয়।

এ বিষয়ে বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলাম বলেন, আমার মতো ব্যক্তি কি এমন করতে পারে? এটা ভুয়া এবং আমার বিরুদ্ধে চক্রান্ত। শুরু থেকেই একটা চক্র আমার বিরুদ্ধে লেগে আছে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের মুখে গত বছরের ৮ আগস্ট পদত্যাগে বাধ্য হন বিএফআইইউর তৎকালীন প্রধান মাসুদ বিশ্বাস। এরপর থেকেই পদটি শূন্য ছিল। শূন্য পদে নিয়োগের জন্য গত বছরের ৩ নভেম্বর বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ব্যাংক। এতে ২৯টি আবেদন জমা পড়ে এবং মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয় ১০ জনকে। প্রাথমিকভাবে তিনজনের নাম অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হলেও সেখানে শাহীনুল ইসলামের নাম ছিল না।

তবে হঠাৎ করেই চলতি বছরের জানুয়ারিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের বিএফআইইউর উপ-প্রধান ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এএফএম শাহীনুল ইসলামকে সংস্থাটির প্রধান করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন