সরকারকে বিটিএমএ

বন্ড সুবিধার অপব্যবহারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে

বন্ড সুবিধার অপব্যবহারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে

জাতীয় অর্থনীতিতে প্রাইমারি টেক্সটাইল খাতের অবদান, বিপুল কর্মসংস্থান সৃষ্টির বিষয় বিবেচনায় নিয়ে বন্ড সুবিধার অপব্যবহারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাসহ সরকারের কাছে তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

রাজধানীর গুলশান ক্লাবে মঙ্গলবার রাতে প্রাইমারি টেক্সটাইল খাতের বিদ্যমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিয়ে মতবিনিময় সভায় এই দাবি জানায় সংগঠনটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল।

বিজ্ঞাপন

সরকারের কাছে বিটিএমএর দাবিগুলো হলো—দেশের প্রাইমারি টেক্সটাইল শিল্প ও অর্থনীতির স্বার্থে ১০–৩০ কাউন্টের কটন সুতা বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির সুযোগ বহাল রাখা; বন্ড সুবিধার অপব্যবহার বা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং প্রাইমারি টেক্সটাইল শিল্পের জন্য ঋণ পুনঃতফসিলীকরণ, পুনঃঅর্থায়ন ও পুনর্গঠন প্রক্রিয়া সহজ করা। এ সময় গ্যাস-বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সাম্প্রতিক উন্নতির জন্য সরকারকে ধন্যবাদ জানান বিটিএমএর নেতারা।

সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি পাওয়ায় প্রাইমারি টেক্সটাইল মিলগুলোতে উৎপাদন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারের উদ্যোগে এ ধরনের উন্নতি শিল্পের উৎপাদন, কর্মসংস্থান এবং রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের কাঁচামাল সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক পরিচালক মো. ফজলুল হক বাবু, তায়াবুল হক, পরিচালক শাহিদ আলম, খোরশেদ আলম, মো. বাদশা মিয়া এবং বিটিএমএর সহ-সভাপতি এবং জাতীয় সংসদের শিল্প বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম।

সভাপতির বক্তব্যে শওকত আজিজ রাসেল গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিত করা গেলে প্রাইমারি টেক্সটাইল শিল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান রক্ষা এবং তৈরি পোশাক শিল্পের কাঁচামালের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থ, শিল্পের সক্ষমতা এবং রাজস্ব সুরক্ষাকে সমন্বয় করে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি বন্ড ব্যবস্থার অপব্যবহার প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বৈধ ও নিয়মিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবসা পরিচালনার পরিবেশ আরও সহজ ও প্রতিযোগিতামূলক করার ওপর গুরুত্বারোপ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন