গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক-শ্রমিক পক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রোববার এ বোর্ড গঠন করে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সবকিছু ঠিকঠাক থাকলে দু-একদিনের মধ্যেই তৈরি পোশাক খাতের মজুরি নির্ধারণে প্রথম সভা আহ্বান করা হতে পারে বলে সদ্য গঠিত বোর্ডের একাধিক সদস্য জানিয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, গার্মেন্টস শিল্প খাতে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তারকে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্য আরেকটি প্রজ্ঞাপনে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণের পরবর্তী কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নিরপেক্ষ সদস্য ড. মোসলেহ উদ্দিন আহমদ জানান, বোর্ড গঠন হয়েছে এবং তাকে সদস্য হিসেবে রাখার কথা জানানো হয়েছে। এখন সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে সভা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী সময়ে এ বিষয়ে আপডেট জানানো হবে।
মজুরি বোর্ডের পার্মানেন্ট সদস্য হিসেবে নিয়োগ পাওয়া বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব বলেন, “কিছু কিছু খাতের সঙ্গে ইতিমধ্যে বোর্ড গঠন হয়েছে এবং মিটিং চলছে। তবে তৈরি পোশাক (আরএমজি) খাতের ক্ষেত্রে আজ রোববার মাত্র প্রজ্ঞাপন জারি হলো। মজুরি বোর্ডের চেয়ারম্যানের ওপর নির্ভর করবে পরবর্তী কার্যক্রম। তিনি যেদিন সভা ডাকবেন, সেই অনুযায়ী আমরা বসব। তবে আমি যতদূর জানি, আগামী দু-একদিনের মধ্যেই আমাদের প্রথম সভাটি অনুষ্ঠিত হতে পারে।”
প্রসঙ্গত, বাংলাদেশের অর্থনীতি ও রপ্তানি আয়ের প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাতের (আরএমজি) শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বিগত ২০ বছরে মোট চারবার পুনর্নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১ হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১২ হাজার ৫০০ টাকায় এসে দাঁড়িয়েছে। মজুরি বৃদ্ধিতে সবচেয়ে বড় উল্লম্ফন ছিল ২০২৩ সালের ডিসেম্বরে। সে সময় ৮ হাজার থেকে ৪ হাজার ৫০০ টাকা বাড়িয়ে মজুরি ১২ হাজার ৫০০ টাকায় উন্নীত করা হয়, যা পূর্ববর্তী কাঠামোর চেয়ে ৫৬ দশমিক ২৫ শতাংশ বেশি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

